রফিউর রাব্বি ও বিএনএফ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

আপডেট : ০১ জুন ২০১৪, ২২:০৯
নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করা ৮ জনের মধ্যে ২ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। ঋণ খেলাপির অভিযোগে স্বতন্ত্রপ্রার্থী সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি ও সমর্থনকারী ভোটারদের স্থান সঠিক না থাকায় বিএনএফ প্রার্থী আবু হামিদুর রেজা ভাসানীর মনোনয়নপত্র বাতিল করা হয়। বৈধ ঘোষণা করা হয়েছে অপর ৬ জনের। রবিবার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হয়। এতে বাছাই কমিটির প্রধান উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার মিহির সারওয়ার মোর্শেদ, সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামানসহ ৮ প্রার্থীর লোকজন উপস্থিত ছিলেন। প্রার্থিতা বাছাইয়ে সোনালী ব্যাংকে ১৯ কোটি ৪০ লাখ ৩২ হাজার ১০৪ টাকা ঋণখেলাপির অভিযোগে রফিউর রাব্বির মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া মনোনয়ন বাতিলের জন্য আরো একটি কারণ হিসেবে রাব্বির জমা দেয়া মোট ভোটারের এক শতাংশ ভোটারের তালিকার মধ্যে ১০ জনকে বাছাই করে তাদের কাছে সমর্থন দেয়ার কথা জানতে চাইলে দুইজন সমর্থনের কথা অস্বীকার করেন। অন্যদিকে বিএনএফ-এর প্রার্থী আবু হামিদুর রেজা ভাসানীর সমর্থক ও প্রস্তাবকারী দুইজন ভোটারের এলাকা নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদীয় এলাকাতে না হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এদিকে উপ-নির্বাচনের জন্য মোট ১৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তাদের মধ্যে ৮ জন মনোনয়নপত্র জমা দেন। তারা হলেন- জাতীয় পার্টি মনোনীত বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, সাবেক এমপি ও নাগরিক ঐক্যের নেতা এস এম আকরাম প্রমুখ। মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেননি বিরোধী দলের নেত্রী রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী প্রমুখ।