কাতারে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত হওয়ার পর থেকেই শুরু হয় নানা বিতর্ক। এর একপর্যায়ে ফুটবল বিশ্বের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে দুর্নীতির দায়ে কাঠগড়ায়ও দাঁড়াতে হয়। ২০২২ বিশ্বকাপ আয়োজনের নতুন এক দুর্নীতির খবর প্রকাশ করেছে ব্রিটিশ দৈনিক সানডে টাইমস। নতুন অভিযোগ উঠলো মোহাম্মদ বিন হাম্মামের বিরুদ্ধে।
পত্রিকাটির খবরে বলা হয়েছে, অনুসন্ধানে কয়েক লাখ গোপন নথিপত্র, ই-মেইল, চিঠি এবং ব্যাংকের মাধ্যমে অর্থ স্থানান্তরের নথি পাওয়া গেছে। এসব নথিপত্র থেকে প্রমাণ পাওয়া যায়, কাতারকে ফুটবল বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে সমর্থন দেয়ায় দেশটির ফুটবল কর্মকর্তা ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের সাবেক সভাপতি মোহামেদ বিন হাম্মাম ফিফা কর্মকর্তাদের মোট ৫০ লাখ ডলার দিয়েছেন, যা অবৈধভাবে দেয়া হয়েছে। ২০১০ সালের ডিসেম্বরে কাতারকে ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজক হিসাবে ঘোষণা করা হয়।
এর আগে, গত মাসে এক টেলিভিশন সাক্ষাত্কারে কাতারকে বিশ্বকাপ আয়োজনের সুযোগ দেয়া একটা ভুল সিদ্ধান্ত ছিল বলে মন্তব্য করেন ফিফার সভাপতি সেপ ব্ল্যাটার। যদিও পরে সে ফ কাতারে গ্রীষ্মের আবহাওয়ার কথা ভেবে এমন মন্তব্য করেছিলেন বলে বক্তব্যের ব্যাখ্যা দিয়েছিলেন ব্ল্যাটার।
২০১০ সালের ডিসেম্বরে কাতারকে ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজক হিসাবে ঘোষণা করা হয়। আর ২০১৮ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে রাশিয়াতে।
