রমজানের পর ১২৭ উপজেলায় নির্বাচন

আপডেট : ০১ জুন ২০১৪, ২৩:০৯
অবশেষে চতুর্থ উপজেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। তৃতীয় উপজেলা পরিষদের ৫ বছরের মেয়াদে সংরক্ষিত নারী সদস্য নির্বাচন না হলেও এবার প্রথম ধাপে ২১ জেলার ১২৭ উপজেলায় নির্বাচন হচ্ছে। এর ফলে পূর্ণাঙ্গতা পেতে যাচ্ছে উপজেলা পরিষদ। রমজানের পরই এ নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ সোমবার কমিশন বৈঠকে অনুমোদনের পর এ নির্বাচনের কার্যক্রম শুরু হবে বলে ইসির সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক ইত্তেফাককে বলেন, প্রথমবার সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন আয়োজনে কমিশন সভা আহবান করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ থেকে সংরক্ষিত আসনের সংখ্যা ও এলাকা সংক্রান্ত যেসব উপজেলার গেজেট পাওয়া গেছে সেই সব উপজেলায় প্রথম ধাপে নির্বাচন করা যাবে। ইসি সূত্রে জানা গেছে, চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে ৪৮৭টি উপজেলার মধ্যে ৪৭১টি উপজেলার নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রথম ধাপে সীমানা বিন্যাসকৃত ২১ জেলার ১২৭ উপজেলায় নির্বাচন হবে। বাকি ৩৬০ উপজেলায় স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দ্রুত সীমানা বিন্যাসের কাজ শেষ করতে চলতি সপ্তাহেই চিঠি পাঠানো হচ্ছে। স্থানীয় সরকার আইনের ৬ ধারায় ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলরদের মধ্য থেকে ভোট দিয়ে উপজেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য নির্বাচন করার বিধান আছে। সীমানা বিন্যাসের কাজ শেষ হলে সারাদেশে প্রায় ১৫শ’ নারী জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হওয়ার সুযোগ পাবে। আইন অনুযায়ী, ‘প্রত্যেক উপজেলার এলাকাভুক্ত ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার (যদি থাকে) মোট সংখ্যার এক-তৃতীয়াংশের সমসংখ্যক আসন নারীদের জন্য সংরক্ষিত থাকিবে। যাহারা উক্ত উপজেলার এলাকাভুক্ত ইউনিয়ন পরিষদ ও পৌরসভার (যদি থাকে) সংরক্ষিত আসনের নারী সদস্য বা কাউন্সিলরগণ কর্তৃক তাহাদের মধ্য থেকে নির্বাচিত হবেন’। বিধান অনুযায়ী উপজেলাতে ১২টি ইউনিয়ন ও পৌরসভা থাকলে উপজেলায় নারী সদস্যদের জন্য সংরক্ষিত আসন হবে ৪টি। ইউপি/পৌরসভার সংরক্ষিত নারী আসনের সদস্যরাই সংশ্লিষ্ট উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের নির্বাচনে ভোটার এবং প্রার্থী হতে পারবেন। যেসব উপজেলায় নির্বাচন হবে নির্বাচন কমিশন ২১টি জেলার ১২৭টি উপজেলায় প্রাথমিকভাবে নির্বাচন করতে চায়। জেলাগুলো হলো-নরসিংদী, ঝিনাইদহ, টাঙ্গাইল, কুষ্টিয়া, ঠাকুরগাঁও, বাগেরহাট, নীলফামারী, মাগুরা, ঝালকাঠি, সিরাজগঞ্জ, কুমিল্লা, চাঁপাইনবাবগঞ্জ, খুলনা, কুড়িগ্রাম, পিরোজপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, বরগুনা, নোয়াখালী, জয়পুরহাট ও নওগাঁ।