চট্টগ্রামে বেলাল হত্যা মামলার আসামি গ্রেফতার

আপডেট : ০১ জুন ২০১৪, ২৩:১১
নগরীর বেলাল হত্যা মামলার আসামি খোরশেদ আলম রনি ওরফে গালকাটা রনিকে গ্রেফতার করেছে পুলিশ। গত বছর ১৩ সেপ্টেম্বর পূর্বশত্রুতার জের ধরে বেলাল নামে এক যুবককে কুপিয়ে খুন করে রনি। ওই নৃশংস হত্যাকাণ্ডের পর থেকেই আত্মগোপনে চলে যায় রনি। দীর্ঘ প্রায় ৯ মাস পর গতকাল সিএমপি’র গোয়েন্দা পুলিশের একটি টিম রনিকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি জানায়, একটি লোহার ডিপো দখলকে কেন্দ্র করে বেলালকে খুন করা হয়। এ কাজে রনিকে সহযোগিতা করে আরও ৮/৯ জন। লোহার ডিপো দখলকে কেন্দ্র করে গত বছরের ২৮ জুলাই একটি মারামারির ঘটনা ঘটে। এই ব্যাপারে বেলাল বাদী হয়ে তাদের কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করে। সেই আক্রোশের কারণেই বেলালকে রনি খুন করে। সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (গোয়েন্দা) জানান, রনি একজন পেশাদার সন্ত্রাসী ও চাঁদাবাজ। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজিসহ পাঁচটি মামলা রয়েছে।