গল্প নয় সত্যি

ফ্রেন্ড রিকোয়েস্টের সূত্র ধরে...

আপডেট : ০২ জুন ২০১৪, ১৮:১২
আর দশটা মানুষের মতো চোর কিংবা ডাকাতের কি সামাজিক জীবন থাকতে নেই? প্রশ্নটার উত্তর হয়তো একেকজনের কাছে একেক রকম হতে পারে। তবে সামাজিক জীবন থাকুক বা না-ই থাকুক, অনলাইনে সামাজিক যোগাযোগ যে থাকা উচিত নয় বা এ ধরনের যোগাযোগে যে অতি কৌতুহলী হওয়া উচিত নয় সেটা এবার হাড়ে হাড়েই টের পাচ্ছে আমেরিকার ওয়াশিংটন অঙ্গরাজ্যের এক ডাকাত। ওয়াশিংটনের পোর্ট অরচার্ডের একটি ফেরি টার্মিনালের কাছে হামলা চালিয়ে এক মহিলার কাছ থেকে তার আইপড ও পার্সসহ আরও কিছু সামগ্রী ছিনিয়ে নিয়ে যায় ২৮ বছর বয়সী ওই ডাকাত। এ সময় আঘাতের ধাক্কা সামলাতে গিয়ে ডাকাতের চেহারা ভালোভাবে লক্ষ্য করতে না পারলেও লোকটি দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তার ঘাড়ের কাছে থাকা একটি ত্রিভূজাকৃতি ট্যাটু বেশ ভালোভাবেই চোখে পড়ে হামলার স্বীকার ঐ মহিলার। বিষয়টি পুলিশকে অবহিতও করেন তিনি। যদিও হাজার হাজার মানুষের ভিড়ে এভাবে কোনো ট্যাটুওয়ালা ব্যক্তিকে খুঁজে পাওয়া যে সহজ হবে না সেটা জানা ছিল পুলিশ সদস্যদেরও। তবে গোল বাধে তখনই যখন ডাকাতি করে যাওয়া ঐ ব্যক্তিই ঘটনার পরদিন ডাকাতির স্বীকার হওয়া মহিলাটিকে ফেসবুকে বন্ধু হবার অনুরোধ পাঠান। বিষয়টাতে প্রথম দিকটায় অতটা গুরুত্ব না দিলেও হঠাত্ করেই তার চোখ আটকে যায় বন্ধু হবার অনুরোধ বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো ব্যক্তিটির ট্যাটুর দিকে। মাত্র একদিন আগে ডাকাতের ঘাড়ে দেখা ট্যাটুর সাথে এই ট্যাটুটির মিলও সহজেই খুঁজে পান তিনি। আর শেষ পর্যন্ত ফেসবুকের এই ফ্রেন্ড রিকোয়েস্টের সূত্র ধরেই তদন্তকারী কর্মকর্তারা গ্রেফতার করেন ঐ ডাকাতকে।