ডিএসই’র লেনদেন ১৫ শতাংশ বেড়েছে

আপডেট : ০২ জুন ২০১৪, ২০:২৯
গতকাল সোমবার শেয়ারবাজারের সূচক কিছুটা কমলেও লেনদেন বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৪৩২ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে ১৫ শতাংশ বেশি। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১ পয়েন্ট কমে ৪ হাজার ৪৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৩২ কোটি ৪৯ লাখ টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ৫৬ কোটি ৪২ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৯৭টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৮০টির, কমেছে ১৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ারের। ওভার দ্যা কাউন্টার মার্কেট (ওটিসি) মার্কেট থেকে মূল মার্কেটে আসার পর গতকাল সোমবার ওয়াটা কেমিক্যালের শেয়ার দর বেড়েছে প্রায় ৭ গুণ। রবিবার কোম্পানিটির বোর্ডসভা থাকায় এদিন কোম্পানিটির শেয়ার দর হ্রাস-বৃদ্ধিতে কোনো সার্কিট ব্রেকার ছিল না। ৫৯ দশমিক ৮ টাকার শেয়ার শুরুতেই লেনদেন হয় ৪০০ টাকায়। সর্বশেষ ৪৮৮ টাকায় লেনদেন হয়েছে শেয়ারটি। অর্থাত্ ৪২৮ টাকা বা ৭১৬.০৫ শতাংশ দর বেড়েছে। এদিন কোম্পানিটির মোট ৩ লাখ ২ হাজার ৬০০ শেয়ার ১১ কোটি ৯১ লাখ টাকায় লেনদেন হয়েছে। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, ২০০৯ সালে ১ দশমিক ২ শতাংশ, ২০১০ সালে ২৬ দশমিক ৩০ শতাংশ, ২০১১ সালে ৩০ দশমিক ৩ শতাংশ ও ২০১২ সালে ৪৯ দশমিক ৪ শতাংশ ও ২০১৩ সালে ৬১ দশমিক ৩ শতাংশ হারে মুনাফা করেছে। পরিশোধিত মূলধনের বিপরীতে মুনাফার হার ভাল হলেও এ কোম্পানির ইক্যুইটির তুলনায় মুনাফা হার খুবই কম। সর্বশেষ অর্থবছরে রিটার্ন অন ইক্যুইটির হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৭ শতাংশ। ডিএসই জানিয়েছে, লাফার্জ সুরমা সিমেন্ট কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধিতে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিটির শেয়ার দর হঠাত্ করে বৃদ্ধির কারণ খুঁজতে ডিএসই কর্তৃপক্ষ তদন্ত করে। এরই আলোকে কোম্পানির পক্ষ থেকে ডিএসইকে জানিয়েছে, শেয়ার দর বাড়ার মতো কোনো সংবেদনশীল তথ্য নেই।