পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এ বছর ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে ৬৪২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। তবে আগামী বছর থেকে প্রতিবছর এডিবি বাংলাদেশে কমপক্ষে ১ বিলিয়ন ডলার করে বিনিয়োগ করবে। গতকাল পরিকল্পনা মন্ত্রীর দপ্তরে এডিবি নতুন কান্ট্রি ডিরেক্টর কাজিহিকো হিগুচির সাথে বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে একথা জানান পরিকল্পনা মন্ত্রী। তিনি বলেন, “বাংলাদেশে প্রবৃদ্ধি বাড়ানোর জন্য বিনিয়োগ কার্যক্রম অন্য অনেক দেশের চেয়ে তুলনামূলকভাবে সহজ। এডিবি কান্ট্রি ডিরেক্টর বলেন, “বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার কাছাকাছি পর্যায়ে চলে এসেছে। লিঙ্গ বৈষম্য, জনসম্পদ তৈরি, আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম, সামাজিক উন্নয়নসহ নানা ধরনের কার্যক্রমে বাংলাদেশ কার্যকর সফলতা দেখাচ্ছে। তিনি বলেন, এডিবি এ পর্যন্ত বাংলাদেশে ১৫ দশমিক ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। বর্তমানে এডিবি’র সহায়তাপুষ্ট ৫৮টি প্রকল্প চলমান রয়েছে। এডিবি বন্যা ব্যবস্থাপনা, বিদ্যুত্ উত্পাদন, রেল যোগাযোগ উন্নয়ন, নদী শাসন, ঝুঁকি ব্যবস্থাপনা ও বিনিয়োগ কৌশল, সেচ ব্যবস্থাপনাসহ মানব সম্পদ উন্নয়নে বিনিয়োগ করবে। এ সময় এডিবি’র ডেপুটি কান্ট্রি ডাইরেক্টর ওলেগ টনকোনোজেনকভ, অর্থনীতিবিদ জাহিদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
