শ্রীলংকার রাজধানী কলম্বো ও এর আশপাশের এলাকায় অস্বাভাবিক মৌসুমী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে। দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি)’র এক কর্মকর্তা জানান, দ্বীপ রাষ্ট্রটির পশ্চিম ও দক্ষিণাঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এই অঞ্চলগুলোতে রোববার প্রায় এক ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিলো ১০০ মিলিমিটারের (৪ ইঞ্চি) বেশী।
ডিএমসি’র পরিচালক শরত্ লাল কুমারা বলেন, ‘আবহাওয়া পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে এবং সামনের দিনগুলোতে আরো বৃষ্টিপাত হতে পারে।’ পুলিশ ও ডিএমসি রোববার সন্ধ্যা থেকে এ পর্যন্ত ১৩ জনের মৃত্যু ও অন্তত আরো দুই জনের নিখোঁজ হবার খবর পেয়েছে। বজ্রপাতে একটি সিগনাল সিস্টেম ধ্বংস হওয়ায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। এ ছাড়াও বৃষ্টিপাত, বজ্রপাত ও ঝড়ো-হাওয়ায় গাছ উপড়ে বৈদ্যুতিক তারের ওপর পড়ে গেলে একটি বিস্তীর্ণএলাকার বিদ্যুত্ বিচ্ছিন্ন রয়েছে।
শ্রীলংকায় বছরে দুইবার মৌসুমী বৃষ্টিপাত হয়। চাষাবাদের জন্য বৃষ্টিপাত অত্যন্ত প্রয়োজনীয় হলেও এতে প্রাণহানি ও সম্পদ নষ্ট হয়। গত বছরের জুন মাসে মৌসুমী বৃষ্টিপাতের সঙ্গে সাইক্লোন আঘাত হানলে দেশটির অন্তত ৫৪ জনের প্রাণহানি ঘটে। এদের অধিকাংশ মত্স্যজীবী।
