যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যে এক বন্দুকধারীর গুলিতে পুলিশসহ মোট দু’জন নিহত হয়েছে। পরে পুলিশের গুলিতে ঐ বন্দুকধারীও নিহত হয়। শুক্রবার রাতে ভার্জিনিয়ার নরফ্লোকে এ ঘটনা ঘটে বলে শনিবার জানিয়েছে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ। এ ঘটনায় এক মোটর সাইকেল আরোহী কিশোর ও এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার রাতে জেমস ব্রাউন (২৯) তার গাড়ি থেকে নেমে বেপরোয়া গুলিবর্ষণ শুরু করলে মোটর সাইকেল আরোহী মার্ক রড্রিগুয়েজ (১৭) গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন নরফ্লোক পুলিশ প্রধান মিশেল গোল্ডস্মিথ। একজন নিহত হওয়ার পরও গুলি চালানো অব্যাহত রাখেন ব্রাউন। বেশ কয়েকটি জরুরি কল পাওয়ার পর পুলিশ ব্রাউনের গাড়িটি তার বাড়িতে খুঁজে পায়। এ সময় বাড়ির ভিতর থেকে পুলিশকে লক্ষ্য করে অত্যাধুনিক অস্ত্র থেকে গুলিবর্ষণ শুরু করে ব্রাউন। এতে পুলিশ কর্মকর্তা ব্রায়ান জোন্সের শরীরে বেশ কয়েকটি গুলি লাগে। হাসপাতালে নেয়ার পর জোন্স মারা যান। ব্রাউনের গুলিতে অপর এক পুলিশ কর্মকর্তাও আহত হন। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন গোল্ডস্মিথ।
এক পর্যায়ে ঘটনাস্থল থেকে গাড়িযোগে পালানোর চেষ্টা করেন ব্রাউন। পুলিশের গাড়ি পেছনে ধাওয়া করার সময় ব্রাউনের গাড়ি অপর একটি গাড়িকে সজোরে ধাক্কা দিয়ে ক্ষতিগ্রস্ত হয়।
