সংবাদ কণিকা

আপডেট : ০২ জুন ২০১৪, ২১:২১
পর্ণো আসক্তিতে মস্তিষ্কের ক্ষতি মাত্রাতিরিক্ত পর্ণোগ্রাফি দেখলে মানুষের মস্তিষ্ক সঙ্কুচিত হয়। জার্মান গবেষকদের এক গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে। গবেষকরা দীর্ঘদিনের পর্যবেক্ষণে জানতে পারেন, তীব্র যৌন উত্তেজনাকর বিষয় দীর্ঘক্ষণ দেখলে মস্তিষ্কের গ্রে ম্যাটার কমে আসে। গ্রে ম্যাটার হল এক ধরনের উপাদান যা নার্ভাস সিস্টেমের (স্নায়ুতন্ত্র) সঙ্গে সম্পর্কিত। গবেষণা প্রতিবেদনে বলা হয়, অতিমাত্রায় পর্ণোগ্রাফি দেখার সঙ্গে মস্তিষ্কের স্ট্রেইটাম নামক অংশের অন্যতম উপাদান ‘গ্রে ম্যাটার’ এর আয়তন কমে আসার যোগ আছে। —রয়টার্স ফিলিপাইনে ভূমিকম্প ফিলিপাইনে মধ্যমাত্রার একাধিক ভূকম্পন অনুভূত হয়েছে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার মতে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১। সূত্র মতে, দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে রবিবার স্থানীয় সময় রাত তিনটায় প্রথম ভূকম্পন অনুভূত হয়। এরপর অন্তত আরো ছয়বার ভূকম্পন হয় যার উত্পত্তিস্থল ছিল চার কিলোমিটার গভীরে। তবে এতে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি এবং সুনামি সতর্কতাও জারি করা হয়নি। —এএফপি চীনের বাজারে বিদেশি গাড়ি চীন এখন বিশ্বের বৃহত্তম গাড়ির বাজার। তারপরও সেই দেশের বাসিন্দাদের বিদেশি বিলাসবহুল গাড়ির প্রতি আসক্ত বাড়ছে। এতে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে জার্মানির তিন লাক্সারি কার মেকার অর্থাত্ আউডি, বিএমডাব্লিউ এবং মার্সিডিজ। চীনের বাজারে গতবছর আউডি বিক্রি হয়েছে ৪ লাখ ৯২ হাজার। বিএমডাব্লিউ বিক্রি হয়েছে ৩ লাখ ৬২ হাজার এবং ২ লাখ ২৮ হাজার বিক্রি হয়েছে মার্সিডিজ বেঞ্জ গাড়ি। — রয়টার্স