রাশিয়ান চিলড্রেন ফান্ড প্রদত্ত লেভ তলস্তয় আন্তর্জাতিক স্বর্ণপদকে ভূষিত হয়েছেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ। ১ জুন আন্তর্জাতিক শিশুদিবস উপলক্ষে মস্কোর ঐতিহ্যবাহী বলশয় থিয়েটারে তাঁকে এই পদক দিয়ে সম্মানিত করেন সংগঠনটির নেতা প্রখ্যাত লেখক আলবার্ট এ লিখানভ। এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য পুরো রাশিয়া থেকে ১১ হাজার শিশু মস্কোতে সমবেত হয়।
প্রতি বছর শিশুদের শিক্ষা ও সেবাদানের ক্ষেত্রে তাত্পর্যপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ রাশিয়ান চিলড্রেন ফান্ড থেকে এই পুরস্কার দেয়া হয়। এর আগে এই পুরস্কার পেয়েছেন মাদার তেরেসা, পোলিও ভ্যাকসিনের উদ্ভাবক আলবার্ট সেবিন এবং সুইডেনের শিশুসাহিত্যিক অস্ট্রিড লিন্ডগ্রেন।
পুরস্কার প্রদান অনুষ্ঠানের শুরুতে অনাথ, প্রতিবন্ধী ও পিছিয়েপড়া শিশুদের নিয়ে এক গালা কনসার্টের আয়োজন করা হয়। স্যার আবেদ সেখানে ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন। পুরস্কার গ্রহণের পর স্যার আবেদ বলেন, ‘আমাকে এবং ব্র্যাককে এই সম্মান প্রদর্শন করায় রাশিয়ান চিলড্রেন ফান্ডকে আমি ধন্যবাদ জানাই।’
শিশুদের সুরক্ষার জন্য ১৯৯১ সালের সেপ্টেম্বর মাসে রাশিয়ান চিলড্রেন ফান্ডের যাত্রা শুরু হয়। বর্তমানে ৭৪টি আঞ্চলিক অফিসের মাধ্যমে এটি রাশিয়ার অভাবী শিশুদের সামাজিক সহায়তাদানে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। -প্রেস বিজ্ঞপ্তি
