মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট আবিদা সুলতানা খুন হয়েছেন। রবিবার বড়লেখা উপজেলার মাধবগুল গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। তবে কী কারণে এ হত্যাকাণ্ডটি ঘটেছে তা এখনও নিশ্চিত করে জানা যায়নি। হত্যাকাণ্ডের পর বাড়ির ভাড়াটিয়া স্থানীয় মসজিদের ইমাম তানভীর আহমদ পালিয়ে গেলে তাকে সোমবার দুপুরে শ্রীমঙ্গল বরুনা এলাকা থেকে আটক করে শ্রীমঙ্গল থানা পুলিশ।
আবিদা সুলতানা খুন হওয়ার খবরটি রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিক্ষোভ করেন তার সহকর্মী মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সদস্যরা। সোমবার সকালে তারা ঘটনার রহস্য উদঘাটন ও খুনির দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবিতে আদালত প্রাঙ্গণের সড়কে বিভিন্ন সামাজিক সংগঠন বিক্ষোভ মিছিল, মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিজেদের ক্ষোভ ও ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন স্থানীয়রা।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, মৃত আব্দুল কাইয়ুমের তিন মেয়ে রয়েছে। তারা বিয়ের পর থেকে স্বামীর বাড়িতে থাকেন। তাদের মধ্যে আবিদা সুলতানা সবার ছোট। আবিদার তার স্বামী শরীফুল ইসলামের সঙ্গে মৌলভীবাজারে শহরে বসবাস করতেন। মাঝে মাঝে বাবার বাড়িতে আসতেন। বাড়ি দেখা শোনার পাশাপাশি ক্ষেতের ফসল ও চাল বাসায় নিতেন। আবিদা সিলেটের বিয়ানীবাজারে তার বোনের বাড়িতে থেকে রবিবার সকাল ৯টার দিকে জরুরি প্রয়োজনে পৈত্রিক বাড়ি বড়লেখার দক্ষিণ ভাগ (কাঠালতলী) ইউনিয়নের মাধবগুল গ্রামে যান। পরিবারের সদস্যরা বিকেল ৪টার পর থেকে মোবাইল ফোনে যোগাযোগ করে তাকে না পেয়ে মাধবগুল গ্রামে পৈত্রিক বাড়িতে চলে আসেন। এ সময় পৈত্রিক ভাড়াটিয়া ঘরের একটি কক্ষ তালা দেখতে পেয়ে তাদের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ ওই কক্ষের তালা ভেঙে আবিদার লাশ মেঝেতে পড়ে থাকতে দেখেন।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াসিনুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আইনজীবীর বাড়ির একটি কক্ষ থেকে গভীর রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ নিয়ে আসা হয়। মরদেহের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আবিদার পৈতৃক বাড়িতে থাকা ভাড়াটিয়া তানভীর আহমদ ঘটনার পর থেকে পালিয়ে ছিল।
জিজ্ঞাসাবাদের জন্য তানভীরের মা ও স্ত্রীকে আটক করা হয়েছে। এই ঘটনার পর মৌলভীবাজার আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে দোষীকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়ে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। সোমবার সকালে আদলত প্রাঙ্গণের সড়কে অনুষ্ঠিত হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আজাদুর রহমান আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরেল আহমেদ চৌধুরীর পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডভোকেট শান্তি পদ ঘোষ, রমা পদ দাস গুপ্ত, রাধাপদ দেব সজল, আব্দুল খালিক ,আব্দুল মতিন চৌধুরী, মাহবুর আলম রুয়েল প্রমুখ।
আরও পড়ুন: রাজধানীতে চক্ষু পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
অপরদিকে, অ্যাডভোকেট আবিদা সুলতানার সন্দেহভাজন খুনি তানভির আহমদকে আজ সোমবার দুপুর সোয়া একটার দিকে শ্রীমঙ্গল উপজেলার বরুনা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুছ ছালেক নিশ্চিত করে জানান, ঘাতক তানভির আবিদার পৈতৃক বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতো ও পাশের একটি মসজিদে ইমামতি করতো। তার গ্রামের বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার আমানদি গ্রামের ময়নুল ইসলামের ছেলে।
ইত্তেফাক/কেকে
