আইন মন্ত্রণালয়ে যেতে পারেনি গণজাগরণ মঞ্চ

আপডেট : ০২ জুন ২০১৪, ২১:৪৩
প্রতিবাদে মিছিল সমাবেশ জামায়াতে ইসলামীর বিচার নিয়ে আইনমন্ত্রী আনিসুল হকের বক্তব্য প্রত্যাহারের দাবিতে আইন মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি পুলিশের বাধায় পালন করতে পারেনি গণজাগরণ মঞ্চ। প্রতিবাদে দোয়েল চত্বরে অবস্থান এবং শাহবাগে মিছিল ও সমাবেশ করেছে তারা। সোমবার দুপুর ১২টার দিকে ইমরান এইচ সরকারের নেতৃত্বে মঞ্চের একটি দল শাহবাগ থেকে মিছিল নিয়ে আইন মন্ত্রণালয়ের উদ্দেশে যাত্রা শুরু করে। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দোয়েল চত্বরে পৌঁছলে পুলিশ বাধা দেয়। পুলিশ বিক্ষোভকারীদের মন্ত্রণালয়ে না গিয়ে ঐ স্থানেই সমাবেশের পরামর্শ দেয়। মঞ্চের কর্মীরা এতে অস্বীকৃতি জানিয়ে সচিবালয়ের দিকে যেতে চাইলে পুলিশের সাথে ধাক্কাধাক্কি ও হাতাহাতি হয়। এ সময় মঞ্চের তিনজন কর্মী আহত হন। এ সময় ঐ সড়কে যান চলাচল বন্ধ ছিল। দুপুর ২টার দিকে তারা ঐ স্থান ত্যাগ করে। দোয়েল চত্বরে অবস্থানকালে ইমরান বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি বাধা গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করেছে। এ ঘটনায় প্রমাণিত হয়েছে সরকার জামায়াতের সাথে আঁতাত করেছে। প্রতিবাদে গতকাল বিকালে শাহবাগে মিছিল ও সমাবেশ করেন মঞ্চের নেতাকর্মীরা। একই দাবিতে আগামী শুক্রবার বিকালে ঢাকাসহ সারাদেশে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়।