অবৈধ সম্পদ অর্জন
প্রায় সোয়া এক কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহাজাহান মিয়ার এপিএস সৌমেন্দ্র লাল চন্দের (শৈলেন) বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করা হয়। দুদকের উপ-পরিচালক কে এম মিছবাহ উদ্দিন মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৯ সালের জানুয়ারি হতে ২০১৩ সালের নভেম্বর পর্যন্ত ধর্ম প্রতিমন্ত্রীর এপিএস থাকাকালে শৈলেন অবৈধভাবে মোট ১ কোটি ১১ লাখ ৮৫ হাজার ৬৩৯ টাকার সম্পদ অর্জন করেন। ধর্ম প্রতিমন্ত্রীর এপিএস থাকাকালে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে এই অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে দুদকের অনুসন্ধানে প্রমাণও পাওয়া যায়।
