শহীদ বুদ্ধিজীবী মহসীন আলীর শাহাদত বার্ষিকী আজ

আপডেট : ০২ জুন ২০১৪, ২২:০৬
১৯৭১ সালের ৩ জুন শহীদ বুদ্ধিজীবী অধ্যক্ষ মহসীন আলী দেওয়ানকে পাকিস্তানী হানাদার বাহিনী জামায়াত ও রাজাকারদের সহায়তায় বগুড়ার বাসভবন থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করে। শাহাদতের সময় তিনি শেরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও সাপ্তাহিক উত্তরবঙ্গ বুলেটিনের সম্পাদক ছিলেন। ঢাকার দৈনিক ইত্তেহাদ ও ইনসাফে তিনি সাংবাদিকতা জীবন শুরু করেন। পরে তিনি প্রথমে নওগাঁ ডিগ্রি কলেজে শিক্ষকতা করেন। এরপর তিনি বগুড়া আজিজুল হক কলেজের বাংলা বিভাগের প্রধান হয়েছিলেন। তিনি বগুড়া থেকে সাহিত্য মাসিক অতএব ও বাংলাদেশের প্রথম সান্ধ্য দৈনিক জনমত প্রকাশনা শুরু করেন। তিনি বগুড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তার উদ্যোগে বগুড়া আইন কলেজ, শাহ সুলতান কলেজ ও জয়পুরহাট কলেজ প্রতিষ্ঠিত হয়। আজ তার মৃত্যুবার্ষিকীতে বগুড়াস্থ বাসভবনে দোয়াখায়েরের আয়োজন করা হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি