ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার ভোলাচং গ্রামের গনিন পাড়ার জাহের মিয়ার পরিবার প্রাণের ভয়ে বাড়ি ছাড়া। প্রতিপক্ষরা হামলা করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, গাভী গরু ছিনিয়ে নিয়ে লুটপাট চালিয়ে, নারীদের শ্লীলতাহানী করে দুইটি ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। কেরাম খেলার তুচ্ছ ঘটনার জের ধরে রক্তক্ষয়ী সংঘর্ষে ১ জন মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ মামলা না নেয়ায় জাহের মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম বাদি হয়ে অজ্ঞাতসহ ১৪ জনকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (নবীনগর) আদালতে মামলা করেন। এ ব্যাপারে নবীনগর থানার ওসি রুপক কুমার সাহা বলেন, মামলার তদন্ত চলছে।
মির্জাপুরে নিরাপত্তাহীনতায় ভুগছে নিরীহ পরিবার
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, আবজাল বাহিনী একটি নিরীহ পরিবারের প্রায় চার কোটি টাকা মূল্যের পাকা ঘরবাড়ি রাতের আঁধারে ভেঙ্গে গুঁড়িয়ে দিয়ে দখলের চেষ্টা করেছে। সন্ত্রাসী এই বাহিনী বাসাবাড়ি ভেঙ্গে দিয়ে নিরীহ ও অসহায় মান্নান এবং তার পরিবারকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। গতকাল সোমবার ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এ দিকে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে আব্দুল মান্নান মির্জাপুর থানা পুলিশের কাছে অভিযোগ দিয়েছেন। অভিযোগের পর মির্জাপুর থানার পুলিশ অফিসার ফকরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে পুলিশ অফিসার ফকরুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাদের নোটিস দেয়া হয়েছে।
