বিভিন্ন স্থানে পাঁচ খুন

আপডেট : ০২ জুন ২০১৪, ২২:১২
দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় পাঁচজন খুন হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। সালথায় যুবককে কুপিয়ে হত্যা ফরিদপুরের সালথায় গতকাল সোমবার ভোরে আক্কাছ শেখ (৩২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের চাচাতো ভাই মাওলানা মেজবাহ উদ্দিন জানান, আক্কাছ শেখ ৫ বছর পূর্বে লিটন মোল্লাসহ কয়েকজনের বিরুদ্ধে নগরকান্দা থানায় একটি মামলা করেন। মামলার পর থেকেই আসামিরা বিভিন্ন সময় আক্কাছকে হত্যার হুমকি দিতো। ঘটনার দিন রাতে আক্কাছকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসামিরা তাকে কুপিয়ে হত্যা করে। সালথা থানার ওসি মো. তোতা মিয়া জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে এটা একটি পরিকল্পিত হত্যা। কুমিল্লায় ছিনতাইকারীর হাতে ব্যবসায়ী খুন কুমিল্লার বুড়িচং উপজেলার সৈয়দপুর এলাকায় গত রবিবার গভীর রাতে মাসুদ রানা (৩৬) নামে এক ব্যবসায়ী ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনার পর স্থানীয় জনতা মহাসড়ক অবরোধ করে। এক ছিনতাইকারীকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোপর্দ করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ী মাসুদ রানা তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীরা তার গতিরোধ করে এবং সাথে থাকা মোবাইল ফোন, টাকা ও মোটর সাইকেল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় মাসুদ তাদের বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। বুড়িচং থানাধীন দেবপুর পুলিশ ফাঁড়ির এসআই দেবাশীষ জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ছিনতাইকারীদের গ্রেফতারে চেষ্টা চলছে। নাহার চা বাগানে সংঘর্ষে আহত নিতাইয়ের মৃত্যু মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আহত নিতাই তাঁতী (৩৫) গত রবিবার রাতে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। গত শুক্রবার নাহার চা বাগানে খাসিয়া ও চা শ্রমিক সংঘর্ষে নিতাই আহত হন। এ ঘটনায় শ্রীমঙ্গলের সহকারী কমিশনার ও মৌলভীবাজারের সার্কেল এএসপি ঘটনাস্থলে অবস্থান করছেন। ৩০ বছর পূর্বে পান চাষের জন্য সাবলীজ দেয়া নাহার চা বাগানের ২ শত একর জমিকে খাসিয়াদের নিকট হতে দখলমুক্ত করার জন্য গত শুক্রবার নাহার চা বাগান কর্তৃপক্ষ অভিযান চালায়। এ সময় নাহার বাগানের শ্রমিক কর্মচারীদের সাথে খাসিয়াদের সংঘর্ষ বেঁধে যায় এবং চা শ্রমিক নিতাই তাঁতী গুলিবিদ্ধ হয়। সংঘর্ষে প্রায় ২০ জন আহত হন। শ্রীমঙ্গলের ইউএনও আশফাকুল হক চৌধুরী এবং চা শ্রমিক ইউনিয়নের আহবায়ক বিজয় বুনার্জী জানান, নাহার বাগানের পরিস্থিতি শান্ত রয়েছে এবং সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। রাজবাড়ীতে দায়ের কোপে বড় ভাই খুন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার গণহত্যা উত্তরপাড়া গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে গতকাল সোমবার সকালে ছোট ভাইয়ের দায়ের কোপে সালাউদ্দিন শেখ সালেহ (৪০) বড় ভাই নিহত হয়েছেন। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, হামিদ শেখের ছেলে সালাউদ্দিন শেখ সালেহের সাথে জমি নিয়ে ছোট ভাই জিলাল শেখের ঝগড়ার এক পর্যায়ে দা দিয়ে কুপিয়ে ছোট ভাই বড় ভাইকে জখম করে। তাকে রাজবাড়ী হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত বলে জানান। বালিয়াকান্দি থানার এস, আই জিল্লুর রহমান জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অপরাধীকে গ্রেফতারে চেষ্টা চলছে। ডিমলায় মোটর সাইকেল চালক খুন নীলফামারীর ডিমলায় গত রবিবার রাতে মোটর সাইকেল ভাড়া নিয়ে সার্কাস দেখার উদ্দেশ্যে গিয়ে মোটর সাইকেল মালিককে হত্যা করে মোটর সাইকেলটি নিয়ে গেছে দুর্বৃত্তরা। উপজেলার ছাতুনামা গ্রামের মনিরুজ্জামান মনি (১৮) একটি মোটর সাইকেল ভাড়ায় চালাতো। চাপানি বাজার থেকে মনিকে দুইজন অপরিচিত ব্যক্তি মোটর সাইকেল ভাড়া নিয়ে জলঢাকা উপজেলার ভবনচুর গ্রামের মিনি সার্কাস দেখতে যায়। জলঢাকা থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, কে বা কারা মনিকে সুপরিকল্পিতভাবে হত্যার পর লাশ তিস্তা নদীর হলদিবাড়ী চরে ফেলে রাখে।