পৃথক ঘটনায় আটজনের মৃত্যু

আপডেট : ০২ জুন ২০১৪, ২২:১৩
জয়পুরহাটের পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালকসহ বিভিন্ন স্থানে দুর্ঘটনায় আটজন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। পাঁচবিবিতে মোটর সাইকেল চালকের মৃত্যু জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর হিলি মহিলা কলেজের সামনে ট্রাকের ধাক্কায় গত রবিবার সন্ধ্যায় মাসুদ (২৫) নামে এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই মারা যান। এলাকাবাসী জানান, উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের মাসুদ তার মোটর সাইকেল নিয়ে হিলি থেকে তার বাড়ি ফেরার পথে একটি খালি ট্রাক তাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। এ ব্যাপারে পাঁচবিবি থানায় একটি মামলা হয়েছে। ঘাটাইলে একজন নিহত টাঙ্গাইলের ঘাটাইলের পোড়াবাড়ী এলাকায় গতকাল সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় আ. কুদ্দুস (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি বাড়ি হতে পোড়াবাড়ী ঘাটাইল শহরে যাবার পথে একটি গাড়ি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। সুজানগরে নিহত ১, আহত ৬ পাবনার সুজানগরের মানিকদীর এলাকায় গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় আব্দুল মজিদ (৫২) নামে একব্যক্তি নিহত ও ছয়জন আহত হয়েছেন। আহতরা হলেন, উপজেলার ক্ষেতুপাড়া গ্রামের টিপু বিশ্বাস, রঞ্জু শেখ, কারিগরপাড়া গ্রামের মকছেদ আলী, আব্দুস সামাদ, আব্দুল মান্নান ও পাবনা সদরের নূরপুর এলাকার মিলন হোসেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও সুজানগর থানা পুলিশ জানায়, দুপুরে একটি ভটভটি গাড়ী সুজানগর পৌর বাজার থেকে ৮/১০ জন যাত্রী নিয়ে উপজেলার নাজিরগঞ্জ যাওয়ার পথে পিছন থেকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটিকে চাপা দেয়। এ সময় উক্ত মজিদ ঘটনাস্থলেই নিহত হয় এবং চালকসহ ছয়জন আহত হয়। এ ব্যাপারে সুজানগর থানায় একটি অভিযোগ করা হয়েছে। পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় ট্রাকটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে। করিমগঞ্জে অটো চাপায় স্কুলছাত্রী নিহত কিশোরগঞ্জ-চামটা বন্দর সড়কে করিমগঞ্জ উপজেলার রৌহা এলাকায় গতকাল সোমবার সকালে অটোরিকশার নিচে চাপা পড়ে লামিয়া (৭) নামে এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়। সে উপজেলার রৌহা গ্রামের মোস্তফার কন্যা এবং নোয়াবাড়ি সরকারি প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী। বাড়ির পাশের রাস্তা অতিক্রম করার সময় সে দুর্ঘটনার কবলে পড়ে। ধুনটে বিষাক্ত স্প্রিট পানে মৃত্যু বগুড়ার ধুনটে বিষাক্ত রেকটিফাইড স্প্রিট পান করে গত রবিবার রাতে আকা মিয়া (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আকা মিয়া ছোটবেলা থেইে গাঁজা সেবন ও বিক্রি করতো। গত রবিবার রাতে সে গাঁজা সেবনের পাশাপাশি বিষাক্ত রেকটিফাইড স্প্রিট পান করে অসুস্থ হয়ে পড়ে। গতকাল সোমবার নিজ বাড়িতে মারা যায়। গাইবান্ধায় ছাদ ধসে দুই শিশুর মৃত্যু গাইবান্ধা সদর উপজেলার কাজীবাড়ী এলাকায় গত রবিবার রাতে একটি নির্মাণাধীন মসজিদের ছাদ ধসে দুই শিশু নিহত ও আরো চার শিশু আহত হয়েছে। নিহতরা হচ্ছে, কাজী খালেদ মাহমুদ বিপ্লবের ছেলে কাজী সাফল্য (৭) ও আব্দুল মান্নানের ছেলে বিশাল (৬)। খোলাহাটী ইউপি চেয়ারম্যান কাজী ইব্রাহিম খলিল উলফাত্ জানান, মসজিদের নিচে কয়েকজন শিশু খেলছিল। দুই শিশুকে নীচে রেখে কয়েক শিশু নির্মাণাধীন মসজিদের ছাদে উঠে। চার শিশুসহ ছাদটি দুই শিশুর উপর ধসে পড়ে। ঘটনাস্থলেই শিশু বিশাল মারা যায়। গুরুতর আহত অবস্থায় সাফল্যকে প্রথমে গাইবান্ধা আধুনিক হাসপাতালে পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। গাইবান্ধা সদর থানার ওসি (তদন্ত) মফিজ উদ্দিন শেখ জানান, এ বিষয়ে থানায় একটি অস্বাভাবিক মামলা হয়েছে। সাঘাটায় পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু গাইবান্ধার সাঘাটা উপজেলার উত্তর উল্লাবাজার গ্রামে গত রবিবার রাতে পরিত্যক্ত কুয়ায় পড়ে শামীম মিয়া (১৪) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছেন। নিহত শামীম নূরুল ইসলামের ছেলে ও ভরতখালি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। সাঘাটা থানার ওসি রেজাউল করিম জানান, একই গ্রামের আব্দুল মজিদের বাড়ির উঠোনে একটি পরিত্যক্ত কুয়ার উপরের অংশ পুরান কাঠ দিয়ে ঢাকা ছিল। ওই কুয়ার উপর দিয়ে যাবার সময় কাঠ ভেঙ্গে ভেতরে পড়ে যায়। এ সময় তাকে বাঁচাতে গিয়ে শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি আহত হন। গাইবান্ধার দমকল বাহিনীর সদস্যরা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে শামীমকে উদ্ধার করে। পরে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় রাত নয়টায় সে মারা যায়। এ বিষয়ে থানায় একটি অস্বাভাবিক মামলা হয়েছে। সিংগাইরে ট্রাক ড্রাইভার ও হেলপার নিহত মানিকগঞ্জের সিংগাইর বাসস্ট্যান্ডের কাছে গত রবিবার রাত ৯টায় পাট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ট্রাকের চালক ও হেলপার মারা যান। নিহতরা হলেন ট্রাক ড্রাইভার সজীব (১৮) ও হেলপারের নাম জানা যায়নি। সিংগাইর থানার ওসি মো. লিয়াকত আলী জানান, লাশ দুটো ময়না তদন্তের জন্য মানিকগঞ্জের মর্গে পাঠানো হয়েছে। এলাকাবাসীর সহযোগিতায় ট্রাকটি উদ্ধার করা হয়েছে। রাজবাড়ীতে ফল ব্যবসায়ী নিহত রাজবাড়ী জেলা সদরের আফড়ার চাঁদপুর গ্রামে গতকাল সোমবার ভোরে ট্রাকের নিচে চাপা পড়ে সাহেব আলী খান (৪৫) নামে এক ফল ব্যবসায়ী নিহত ও অপর এক ব্যবসায়ী আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও চালক ও হেলপারকে গ্রেপ্তার করতে পারেনি। আদমদীঘিতে গাছ থেকে পড়ে মৃত্যু বগুড়ার আদমদীঘির সান্তাহারে জাম গাছ থেকে পড়ে গতকাল সোমবার সকালে মুন্না (১৫) নামে এক কিশোর মারা গেছে। স্থানীয়রা জানায়, আদমদীঘির সান্তাহার ইয়ার্ড কলোনীর আবু বক্করের ছেলে মুন্না সান্তাহার রেল মন্দিরের নিকটে জাম পাড়তে গিয়ে পা পিছলে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত বলে জানান।