নেত্রকোনা জেলা ছাত্রলীগ সভাপতিকে বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন

আপডেট : ০২ জুন ২০১৪, ২২:২৩
সংগঠন বিরোধী কার্যকলাপ, প্রধানমন্ত্রী এবং যুব ও ক্রীড়া উপমন্ত্রী সম্পর্কে কটুক্তির অভিযোগে নেত্রকোনা জেলা ছাত্রলীগের সভাপতি অ্যাডভোকেট ফয়সল আহমেদ খান রনিকে সংগঠন থেকে বহিষ্কারের দাবিতে জেলা ছাত্রলীগের একাংশ রবিবার নেত্রকোনা জেলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছে। জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাব্বির খান প্রিন্স সাংবাদিক সম্মেলনে বলেন, সভাপতি ফয়সল আহমেদ খানের বিরুদ্ধে সংগঠনের কোন কাজ না করা, সংগঠনকে জিম্মি করে রাখা, জেলা ছাত্রলীগের সম্মেলন করতে গড়িমসি করা এবং নেত্রকোনা সরকারি কলেজের জামায়াত সমর্থিত অধ্যক্ষকে সমর্থন করায় ছাত্রলীগের সাধারণ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এ নিয়ে গত কয়েকদিন ধরে সভাপতির বহিষ্কারের দাবিতে মিছিল হচ্ছে। আরো বক্তব্য রাখেন— জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইদুল আলম রানা, সাংগঠনিক সম্পাদক ফয়সল মোর্শেদ খান অমি, নেত্রকোনা কলেজ শাখার সম্পাদক সাকিব খান রানা, ছাত্রলীগ নেতা শামীম আহমেদ খান, আলী আজহার, সত্যজিত্ দাসসহ বিপুল সংখ্যক ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন। জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সল আহমেদ খান বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ ষড়যন্ত্র।