কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২

আপডেট : ২৭ মে ২০১৯, ১৬:৩৯

গাজীপুরের কালীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার যাবজ্জীবন ও মাদক মামলার সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের গাজীপুর আদলতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া। 

জানা গেছে, রবিবার দিবাগত রাতে এসআই চন্দন দে ও এএসআই হামিদ খানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে নাগরী ইউনিয়নে পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় ওই ইউনিয়নের পিপুলিয়া গ্রামের মৃত মো. আলাউদ্দিন ওরফে কচু মিয়ার ছেলে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. হিরন মিয়া (৬২) ও সেনপাড়া গ্রামের মৃত ছাদ্দর আলীর ছেলে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মো. কবির হোসেনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া বলেন, ‘হিরনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় ১৯৯৫ সালের ১২ ডিসেম্বর ৩০২/৩৪ ধারায় একটি হত্যা দায়ের করা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে যাবজ্জীবন সাজা ও তৎসহ ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেয় বিজ্ঞ আদালত। অন্যদিকে, ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০ ধারায় কবির হোসেনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় ১২(৮)০২ মামলা দায়ের হয়। সেই মামলায় তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত সাজা প্রদান করে। সে দুই বছর তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি। তারা দু’জনে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। রবিবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরে গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। পুলিশের এ বিশেষ অভিযান আব্যাহত থাকবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।  

ইত্তেফাক/কেকে