মীর্জাগঞ্জে অর্ধদিবস হরতাল পালিত

আপডেট : ০২ জুন ২০১৪, ২২:২৪
মীর্জাগঞ্জের মাধবখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. হালিম মোল্লার (৫০) পা কেটে নেয়ার প্রতিবাদে গতকাল সোমবার উপজেলা আওয়ামী লীগের আহবানে এখানে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। হরতাল চলাকালে সকল দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ ছিল। এ সময় উপজেলা আওয়ামী লীগ শহরে বিক্ষোভ মিছিল বের করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে স্থানীয় সুবিদখালী ডিগ্রী কলেজ মাঠে তারা এক সংক্ষিপ্ত সমাবেশে সকল আসামিকে গ্রেফতারপূর্বক এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উল্লেখ্য, শনিবার গভীর রাতে একদল মুখোশধারী সশস্ত্র সন্ত্রাসী ঐ ইউনিয়নের বাজিতা গ্রামে আওয়ামী লীগ নেতা আ. হালিম মোল্লার গৃহে প্রবেশ করে তাকে টেনে-হিঁচড়ে বের করে বাইরে নিয়ে তার ডান পা কেটে নিয়ে যায়। এদিকে এ ব্যাপারে দায়েরকৃত মামলায় মীর্জাগঞ্জ থানা পুলিশ রবিবার রাতে ৫ জনকে গ্রেফতার করে গতকাল সোমবার পটুয়াখালী জেল-হাজতে পাঠিয়েছে। গ্রেফতারকৃত আসামিরা হচ্ছে : মোঃ মাজেদুর রহমান খোকন (২৫), মোঃ নুরুল ইসলাম (৩২), আবু জাফর (২২), নাসিরউদ্দিন হাওলাদার (৪০) ও শহিদ (২৫)।