বগুড়ার আদমদীঘি ও পিরোজপুরের নাজিরপুরে অগ্নিকাণ্ডে ৭টি দোকান ভস্মীভূত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
আদমদীঘিতে পুড়ে গেছে দুটি দোকান
বগুড়ার আদমদীঘিতে গত রবিবার গভীর রাতে উজ্জ্বল মটরস ও খোকন ওয়াল্ডিংসহ ২টি দোকান পুড়ে গেছে। উজ্জ্বল মটরস ও খোকন ওয়েল্ডিংয়ের দোকানের মালিক প্রতিদিনের মতো কাজ শেষে সন্ধ্যার পর দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। গভীর রাতে আগুন লেগে উজ্জ্বলের দোকানের একটি কালার টিভি, ভলকানিজ মেশিন, মোটর সাইকেলের পার্টস, আসবাবপত্রসহ প্রায় ৫ লাখ টাকা এবং খোকনের দোকানে ওয়েল্ডিং মেশিনসহ দোকানের আসবাবপত্রসহ প্রায় ২ লাখ টাকার মালামাল পুড়ে যায়।
নাজিরপুরে পুড়ে গেছে ৫টি দোকান
পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা বাজারে গত রবিবার গভীর রাতে ৫টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে একটি ওষুধের দোকান, একটি ইলেক্টনিক দোকান, দুটি ওয়ার্কশপ এবং একটি কাপড়ের দোকান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান। স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। নাজিরপুর উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান ও প্রকল্প কর্মকর্তা জি এম সাইফুল ইসলাম গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেন।
