তথ্য কমিশনের নির্দেশ মানলো না পিএসসি!

আপডেট : ০২ জুন ২০১৪, ২৩:১৫
বিসিএস পরীক্ষায় অংশ নেয়া এক নাগরিককে তথ্য না দেয়ার অভিযোগ উঠেছে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিরুদ্ধে। তথ্য অধিকার আইনে আবেদন করে তথ্য না পেয়ে ঐ নাগরিক তথ্য কমিশনে অভিযোগ দায়ের করেছেন। দুই পক্ষের বক্তব্যের ওপর শুনানি শেষে তথ্য কমিশন পিএসসিকে তথ্য দিতে নির্দেশ দিলেও গত ছয় মাসেও তা দেয়নি পিএসসি। অভিযোগকারী বিপ্লব কুমার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রাক্তন ছাত্র। ২৯তম বিসিএস লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও তিনি কোনো ক্যাডারের জন্য সুপারিশপ্রাপ্ত হননি। এ ঘটনায় ২০১৩ সালের ৫ মে পিএসসিতে তিনটি তথ্য চেয়ে আবেদন করেন তিনি। তথ্য না পেয়ে আগস্ট মাসে বিপ্লব তথ্য কমিশনের দ্বারস্থ হন। তার প্রার্থিত তথ্য তিনটির মধ্যে রয়েছে- ২৯তম বিসিএসের মৌখিক পরীক্ষায় কত নম্বর পেয়েছিলেন? ঐ বিসিএসে পররাষ্ট্র, প্রশাসন, কাস্টমস, পুলিশ ও ট্যাক্স ক্যাডারে সুপারিশ করা মেধা তালিকায় থাকা সর্বশেষ প্রার্থীর নম্বর (লিখিত ও মৌখিক) কত? বিজ্ঞান ও প্রযুক্তি উত্তরপত্র যে পরীক্ষক মূল্যায়ন করেছিলেন তার কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে প্রাতিষ্ঠানিক ডিগ্রি আছে কিনা এবং থাকলে তার সংক্ষিপ্ত পরিচিতি। একজন তথ্য কমিশনার অভিযোগ করেছেন, তথ্য অধিকার আইনের ৭ ধারাকে ‘অপব্যবহার’ করে ‘পাবলিক ডকুমেন্ট’ সরবরাহ করছে না পিএসসি। তবে নাম প্রকাশ না করার শর্তে পিএসসির এক সদস্য বলেন, বিপ্লবকে লিখিত পরীক্ষার তথ্যসহ কিছু তথ্য দেয়া হয়েছে। মৌখিক পরীক্ষার নম্বর ও পরীক্ষকের পরিচয় সরবরাহ করা হলে পিএসসির সাংবিধানিক নিরপেক্ষতা, গোপনীয়তা ও বোর্ডের দায়িত্ব পালনকারী সাংবিধানিক পদধারিগণের ব্যক্তিগত নিরাপত্তা ক্ষুণ্ন হবে।