পদ্মা সেতুর কার্যাদেশ পেল চীনা কোম্পানি

আপডেট : ০২ জুন ২০১৪, ২৩:১৫
পদ্মা সেতুর মূল কাঠামো নির্মাণের কার্যাদেশ পেয়েছে চীনা কোম্পানি চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। ১২ হাজার একশ’ কোটি টাকায় এই কোম্পানিকে কার্যাদেশ দিয়েছে সরকার। শিগগিরই ওই কোম্পানির সাথে চুক্তি করা হবে জানিয়ে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল সোমবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, এখন কাজ শুরু করতে আর কোন বাধা নেই। গত ২২ মে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির বৈঠকে পদ্মা সেতুর মূল কাঠামো নির্মাণে চীনা কোম্পানিটির দরপত্র প্রস্তাব অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দরপত্র প্রস্তাব অনুমোদন দেয়ার পরই চীনা কোম্পানিকে কার্যাদেশ দেয়া হয়েছে বলে যোগাযোগমন্ত্রী জানান। ২০১১ সালে পদ্মাসেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছিলো ৯ হাজার ১৭২ কোটি ১৭ লাখ টাকা। কার্যাদেশে প্রায় তিন হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের প্রসংগে যোগাযোগমন্ত্রী বলেন, সেতুর মূল কাঠামো নির্মাণে লিমিট রেঞ্জ ১৬ হাজার কোটি টাকা রাখা হয়েছিলো। উল্লেখ্য, পদ্মা সেতুর মূল কাঠামো নির্মাণে কয়েকটি প্রতিষ্ঠান দরপত্র কিনলেও দর প্রস্তাব জমা দিয়েছে একমাত্র চীনা কোম্পানিটি। গণচীনের রাষ্ট্রায়ত্ত কোম্পানি মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং সেই দেশের রেল মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান।