বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানসহ কোনো কিছুর ওপরই সরকারের নিয়ন্ত্রণ নেই। সবশেষে এখন তারা নিজেরা নিজেদের নেতা-কর্মীদের খুন করছে। আসলে তাদের এখন কোনো কিছুর ওপর যে নিয়ন্ত্রণ নেই নারায়ণগঞ্জ ও ফেনীর ঘটনা তার প্রমাণ। এ সরকারকে সরিয়ে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।
জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার জাতীয় প্রেসক্লাবে শ্রমিক দল আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, শ্রম বিষয়ক সম্পাদক জাফরুল হাসান, শ্রমিক দলের সেক্রেটারি নুরুল ইসলাম খান নাসিম প্রমুখ।
তিনি বলেন, জিয়া মাত্র ৪ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন। এসময়ে তিনি গোটা দেশকে জাগিয়ে তুলেছিলেন। আধুনিক বাংলাদেশ গড়ে তোলার জন্য গোটা জাতিকে তিনি অনুপ্রাণিত করেছিলেন। ফখরুল বলেন, জিয়াউর রহমান মার্শাল ল’ জারি করেননি। করেছিলেন খন্দকার মোশতাক।
তিনি বলেন, বিমান বন্দরসহ বিভিন্নস্থান থেকে জিয়ার নাম মুছে ফেলার মাধ্যমে সরকার জনগণের মন থেকে জিয়াকে মুছে ফেলার ষড়যন্ত্র করছে।নজরুল ইসলাম খান বলেন, জিয়া, খালেদা জিয়া ও তারেক জিয়া সম্পর্কে বাজে কথা বলার সুযোগ আওয়ামী লীগের নেই। বাজে কথা বলা যোগ্যতার পরিচয় নয়, দুর্বলতার পরিচয়। শাহরিয়ার কবির ও নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর সমালোচনা করে তিনি বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালীন সময়ে আপনারা সুযোগ-সুবিধা নিতে তার পিছনে কী পরিমাণ ছুটেছেন তা আমরা ভুলিনি। আর এখন বর্তমান সরকারের চামচা হয়ে গেছেন।
