একরামুল হক একরামের খুনিদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে গতকাল সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হয়েছে ফুলগাজিতে। স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, বণিক সমিতি ও একরাম সমর্থকরা ফুলগাজী বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে এদিন। একরাম হত্যা মামলার অন্যতম পরিকল্পনাকারী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহিদ হোসেন চৌধুরী জেহাদকে ৮ দিনের রিমান্ড শেষে পুনরায় ৩ দিনের রিমান্ড দিয়েছে আদালত। অপরদিকে আনন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন পাটোয়ারী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। মামলার আসামিরা যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য সীমান্তের সব ইমিগ্রেশন অফিসে চিঠি পাঠিয়েছে ফেনী জেলা পুলিশ।
প্রতিবাদ সমাবেশে ফুলগাজী উপজেলা যুবলীগের আহ্বায়ক গোলাম রব্বানী এবং বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও ফুলগাজী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, ২ দিনের মধ্যে ফেনী জেলা পুলিশ সুপার পরিতোষ ঘোষ ও ফেনী মডেল থানার ওসি মাহবুব মোর্শেদকে প্রত্যাহার করা না হলে তারা ফুলগাজীতে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে।
এদিকে সকাল-সন্ধ্যা হরতালের কারণে ফুলগাজী উপজেলা কার্যালয়ে কোন ধরনের কর্মচাঞ্চল্য দেখা যায়নি। বেলা সাড়ে ১১টায়ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহিদুর রহমানের কক্ষটি ছিল তালাবদ্ধ। এছাড়া সকল দোকান-পাট, স্কুল-কলেজ-মাদ্রাসা ও ব্যাংক বন্ধ ছিল। ফেনীর সাথে ফুলগাজী ও পরশুরামের যোগাযোগ সম্পূর্ণ বন্ধ ছিল। রাস্তায় রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ও আগুন জালিয়ে পিকেটাররা প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
