অবশেষে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) দেয়ার কাজটি শুরু হয়েছে। এ কাজে নিয়োজিত প্রতিষ্ঠান ডাটাএজ দেশটির রাজধানী কুয়ালালামপুরে স্থাপন করা কেন্দ্র থেকে এ পাসপোর্ট সরবরাহ শুরু করে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ায় বাংলাদেশি হাইকমিশনার একেএম আতিকুর রহমান। অনুষ্ঠানে আইপিপল এর নির্বাহী চেয়ারম্যান সৈয়দ আহসান হাবিব জানান, শীঘ্রই মালয়েশিয়ার আরো সাতটি কেন্দ্র থেকে এমআরপি সরবরাহ করা হবে।
ঢাকায় প্রাপ্ত খবরে জানা গেছে, প্রথমদিনে মালয়েশিয়ার শাহ আলম সেন্টার থেকে ২৬ জন বাংলাদেশির প্রয়োজনীয় তথ্য এবং ইলেকট্রনিক স্বাক্ষর ঢাকাস্থ আগারগাঁও পাসপোর্ট অফিসে পাঠানো হয়েছে। এখান থেকে পাসপোর্ট মুদ্রণ করে তা আবার কুয়ালালামপুরে পাঠানো হবে।
উল্লেখ্য, মালয়েশিয়ায় বর্তমানে পাঁচ লাখেরও বেশি বাংলাদেশি রয়েছেন। বর্তমানে তারা হাতে লেখা পাসপোর্ট বহন করেন। ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের দেয়া সময়সীমা অনুসারে আগামী বছরের ৩১ মার্চের মধ্যে তাদেরকে এমআরপি সরবরাহ করতে হবে।
