মাদকদ্রব্য সেবন ও ধূমপান বিরোধী অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত সম্মাননা পেয়েছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তাকে এ সম্মাননা দেয়। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে গত শনিবার বিশ্ব তামাক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এম. এম. নিয়াজউদ্দিনের কাছ থেকে তিনি সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন।
অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত ১৯৫৩ সালের ১ অক্টোবর কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মহিচাইল গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। চিকিত্সাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য খ্যাতিমান এ নাক-কান-গলা বিশেষজ্ঞ ইতিমধ্যে স্বাধীনতা পুরস্কার লাভ করেন। দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে তিনি মাদকদ্রব্য সেবন ও ধূমপানকে নিরুত্সাহী করার জন্য সচেতনমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এছাড়া শব্দদূষণ প্রতিরোধ ও সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে তিনি যুক্ত রয়েছেন।
