দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত

আপডেট : ০২ জুন ২০১৪, ২৩:১৭
চাঁদা না দেয়ায় দক্ষিণ আফ্রিকার হাউথটন এস্টেট শহরের চৈটু ওলান্ডো এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন রহমত উল্যাহ (৩০) নামের এক বাংলাদেশি ব্যবসায়ী। নিহত রহমত উল্যাহ নোয়াখালীর কবিরহাট পৌরসভার ৫নং ওয়ার্ড ঘোষবাগ গ্রামের মোহাম্মদ আবদুল মিয়ার পুত্র। নিহতের ভাই শহিদ উল্যাহ জানান, স্থানীয় ৩ সন্ত্রাসী বাংলাদেশ সময় শনিবার রাত আড়াইটার সময় বন্ধ ব্যবসা প্রতিষ্ঠানে এসে রহমত উল্যাহকে ঘুম থেকে উঠিয়ে তার কাছে চাঁদা দাবি করে। এই নিয়ে বাকবিতন্ডার একপর্যায়ে সন্ত্রাসীরা তাকে গুলি করে। গুরুতর অবস্থায় স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। রবিবার বিকালে সে মারা যায়। রহমত উল্যাহ ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা যান এবং ব্যবসা শুরু করেন।