চলতি দশম জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ মঙ্গলবার বিকাল পাঁচটায়। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ২০১৪-’১৫ অর্থবছরের জন্য জাতীয় বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন ৫ জুন বৃহস্পতিবার। বর্তমান সরকারের এটা প্রথম বাজেট। আর দশম সংসদের এটা দ্বিতীয় অধিবেশন।
নবম সংসদের প্রতিটি বাজেট অধিবেশনে অনুপস্থিত ছিল তখনকার প্রধান বিরোধী দল বিএনপি। তবে এবারের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা) জানিয়েছে, তারা অধিবেশন বর্জন বা বয়কট করবে না। বাজেটসহ প্রতিটি অধিবেশনেই নিয়মিত যোগ দেবে জাপা।
বাজেট অধিবেশন কতদিন চলবে, এটাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ অধিবেশন শুরুর আগে বিকাল চারটায় সংসদ ভবনে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হবে। স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠেয় এই বৈঠকে কমিটির সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদসহ অন্য সদস্যরা যোগ দেবেন।
উল্লেখ্য, চলতি সংসদের এটা হবে কার্যউপদেষ্টা কমিটির দ্বিতীয় বৈঠক।
রুশ রাষ্ট্রদূতের সঙ্গে
স্পিকারের বৈঠক
প্রধান বিরোধী দল হিসাবে জাতীয় পার্টি (জাপা) সংসদ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে বলে রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার এ নিকোলভকে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি রবিবার তার সংসদ ভবন কার্যালয়ে রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে একথা জানান।
সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে স্পিকার রাষ্ট্রদূতকে বাংলাদেশের সংসদীয় কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এসময় স্পিকার তাকে বলেছেন, দশম জাতীয় সংসদে বিরোধীদল সক্রিয়ভাবে সংসদীয় কার্যক্রমে অংশ নিচ্ছে এবং সংসদীয় কার্যক্রম প্রাণবন্তভাবে চলছে। নিকোলভ আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো সম্প্রসারিত হবে এবং রাশিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশ জাতীয় সংসদ তাদের পাশে থাকবে। শিরীন শারমিনও বলেন, বাংলাদেশ সবসময় আন্তঃসংসদীয় সম্পর্ককে গুরুত্ব দেয় এবং বিশ্বের বিভিন্ন দেশের পার্লামেন্টের সঙ্গে ‘ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের মাধ্যমে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক উন্নয়নে নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধে রাশিয়ার ভূমিকার কথাও কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন স্পিকার।
