সাত খুনের সরকারি তদন্ত অগ্রগতি প্রতিবেদন জমা

আপডেট : ০২ জুন ২০১৪, ২৩:১৮
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় হাইকোর্টের নির্দেশে গঠিত সরকারি তদন্ত কমিটি তদন্তের অগ্রগতি প্রতিবেদন এটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিয়েছেন। এছাড়া পুলিশের আইজি ও র্যাবের মহাপরিচালকের পক্ষ থেকেও পৃথক পৃথক অগ্রগতি প্রতিবেদন জমা দেয়া হয়েছে। এফিডেভিট আকারে আগামীকাল বুধবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ ঠাকুরের ডিভিশন বেঞ্চে এসব প্রতিবেদন দাখিল করা হবে। প্রতিবেদন জমা দেয়ার পর সরকারি তদন্ত কমিটির সদস্য আইন মন্ত্রণালয়ের উপ-সচিব মিজানুর রহমান খান সাংবাদিকদের বলেন, তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। তদন্ত সম্পন্ন করতে আরো চার সপ্তাহ সময় প্রয়োজন। আমরা আদালতের কাছে সেই সময় চেয়েছি। আশা করছি এ সময়ের মধ্যে কাজ চূড়ান্ত করা যাবে। তিনি বলেন, তদন্তকালে এ পর্যন্ত বিভিন্ন পর্যায়ের ৩২৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আগামীকাল আমরা আবারো নারায়ণগঞ্জ যাবো। সেখানে কমিটির সদস্যরা মিলে সিদ্ধান্ত নেবো, আর কার কার সাক্ষ্য নেয়া প্রয়োজন। এরপর আদালতের দেয়া সময়ের ভিত্তিতে আমরা কাজ গুছিয়ে আনবো। উল্লেখ্য, সাত খুনের ঘটনায় বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে কিছু অন্তর্বর্তী আদেশ দেয়। আদেশে ঐ খুনের ঘটনায় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর কোন সদস্য জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন, বিভাগীয় তদন্তে র্যাবের কমিটি গঠনের পাশাপাশি হত্যা মামলাটি তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেয়া হয়। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও সাক্ষীদের নিরাপত্তা প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ দেয় আদালত। এই নির্দেশ মোতাবেক কমিটি গঠন ও তাদের কার্যক্রম নিয়ে গত ১৫ মে আদালতে অগ্রগতি প্রতিবেদন দাখিল করেন বিবাদীরা। প্রতিবেদন দাখিলের পর সাত সদস্যের সরকারি তদন্ত কমিটি চার সপ্তাহ সময় চান। আদালত ৪ জুন পর্যন্ত সময় দিয়ে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। ঐ নির্দেশ মোতাবেক গতকাল বিকালে ডেপুটি এটর্নি জেনারেল এএসএম নাজমুল হকের কাছে সরকারি তদন্ত কমিটির অগ্রগতি প্রতিবেদন জমা দেন কমিটির সদস্য আইন মন্ত্রণালয়ের উপ-সচিব মিজানুর রহমান খান। এদিকে আইজিপি ও র্যাবের মহাপরিচালকের পক্ষ থেকে গতকাল অগ্রগতি প্রতিবেদন এটর্নি জেনারেল কার্যালয়ে জমা দেয়া হয়েছে। আইজিপি ও র্যাবের মহাপরিচালকের পক্ষ থেকে তাদের প্রতিনিধিরা এসব প্রতিবেদন ডেপুটি এটর্নি জেনারেলের কাছে জমা দেন। তবে সিআইডির পক্ষ থেকে হত্যা মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন এখনো দাখিল করা হয়নি বলে জানান নাজমুল হক।