খায়েশ ছিল আয়েশ করে পরবে জুতো শামসু
তাইতো সেদিন বাজার থেকে আনলো কিনে পাম-সু
কিন্তু জুতো পরতে গিয়ে দেখল বড় সাইজে
সাথে কি তোর চোখ ছিল না? বকল বড় ভাই যে।
কী করা যায় মনে মনে উপায় খোঁজে শামসু
দিলো তাকে বুদ্ধি তখন খুড়তুতো ভাই তামসু-
জুতোর ভেতর দে ঢুকিয়ে অল্প কিছু ন্যাকড়া
তাহলে তো থাকছে না আর বিন্দুমাত্র ফ্যাকরা।
সবার চোখে ধুলো দিতে এটাই বেটার রাস্তা
আমার উপর পুরোপুরি রাখতে পারিস আস্থা
কাছে-পিঠে ন্যাকড়া কোথাও আছে কিনা দ্যাখ তো
ঘরেই ছিল পুরাতন এক লুঙ্গি পরিত্যক্ত।
ন্যাকড়া ভালো কাজে লাগে বড় জুতো পরতে
ন্যাকড়া ছাড়া কে আর পারে ব্যালেন্স রক্ষা করতে
শামসু বলে বেঁচে গেলাম তামসু রে তোর জন্য
তোর কারণে আজকে আমার হলো জীবন ধন্য।
