এসএসসির ফলাফল হয়েছে। এবার ভর্তির পালা। সেরা কলেজে ভর্তি হওয়ার ইচ্ছে থাকে সবার। ছাত্রদের পছন্দের তালিকায় সবার উপরে নটর ডেম কলেজ। রাজধানীর এই কলেজটির রয়েছে বেশ সুনাম। এই কলেজ থেকে পাস করাদের তালিকায় আছেন দেশ সেরা অনেকে। নটর ডেম কলেজ নিয়েই আমাদের এবারের আয়োজন।
শিক্ষা। এক বিশেষ দর্শন। নটর ডেম কলেজ প্রতিষ্ঠার মূলনীতি হচ্ছে পূর্ণাঙ্গ শিক্ষা দিয়ে ছাত্রদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা। তাদের মন ও হূদয় গঠনে সহায়তা করা। এ প্রতিষ্ঠান শুধু জীবিকা উপার্জনের জন্যে ছাত্রদের প্রস্তুত করে তা নয় বরং কীভাবে জীবনযাপন করতে হয়, তাও শিক্ষা দেবে। নটর ডেম কলেজের উদ্দেশ্য কেবলমাত্র সম্ভাব্য উত্তম শিক্ষাদানই নয়, উপরন্তু ছাত্রদেরকে আদর্শ চরিত্রের অধিকারী করে গড়ে তোলাও কলেজটির লক্ষ্য।
রাজধানীর মতিঝিল এলাকায় স্থাপিত নটর ডেম কলেজ প্রথমে ১৯৪৯ সালে লক্ষীবাজার এলাকায় ‘সেন্ট গ্রেগরী কলেজ’ নামে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৫৪-৫৫ শিক্ষাবর্ষে নতুন জায়গায় স্থানান্তরিত হওয়ার সময় কলেজের নাম পরিবর্তন করে নটর ডেম কলেজ রাখা হয়।
নটর ডেম কলেজ সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত। দেশ বিভাগের পর তত্কালীন নবগঠিত পাকিস্তানে উপযুক্ত শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের দারুন অভাব অনুভূত হয়। তদানীন্তন সরকারের অনুরোধে এই অভাব কিছুটা পূরণের জন্যে এবং সীমাবদ্ধতার মধ্যেও সত্ এবং যোগ্য নেতৃত্ব গঠনের মাধ্যমে দেশ ও জাতির সেবা করার লক্ষ্যে তত্কালীন পূর্ব পাকিস্তানে কাথলিক মণ্ডলীর ঢাকা মহাধর্মপ্রদেশের তদানীন্তন আর্চবিশপ লরেন্স গ্রেনার হলিক্রস সন্ন্যাস-সংঘের নিকট কলেজ স্থাপনের আহ্বান জানান। সেই আহবানে সাড়া দিয়েই হলিক্রস সন্ন্যাস সংঘের ফাদারগণ ছেলেদের জন্য নটর ডেম কলেজ প্রতিষ্ঠা করেন।
জানা গেছে, কলেজের ছাত্ররা শতকরা ৮৫ শতাংশ ক্লাসে উপস্থিত থাকেন। এটা অন্যান্য কলেজ থেকে আলাদা বৈশিষ্ট্য। নিয়ম-শৃঙ্খলায়ও গুরুত্ব সহকারে পালন করা হয়। রাজনৈতিক মুক্ত পরিবেশে ল্যাব, প্রাকটিক্যাল এগুলো নিয়মিত করতে হয়। সাপ্তাহিক দুইটা কুইজসহ সহশিক্ষায় অন্যদের চেয়ে এগিয়ে নটর ডেম কলেজ। কুইজে সবাইকে অংশগ্রহণ করতে হয়। এজন্য ছাত্রদের সারা বছর পড়তে হয়। পরীক্ষার আগে পড়লে হয় না। কারন প্রত্যেকটা পরীক্ষার গুরুত্ব আছে। তাই নিয়মিত পড়তে হয়। কলেজে অনেক ছাত্র কাজের বিনিময়ে অর্থ পায়। কেউবা শিক্ষকতা কিংবা মাঠেও কাজ করে। এখান থেকে তাদের কলেজের বেতনও উপার্জিত হয়।
এবছর পরীক্ষা ছাড়া নটর ডেম কলেজে উচ্চ মাধ্যমিকে (এইচএসসি) ভর্তির ক্ষেত্রে সরকারের জারি করা প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত করে আদেশ দিয়েছে হাইকোর্ট। এই আদেশের ফলে নটর ডেম কলেজের নিজস্ব পদ্ধতিতে অর্থাত্ পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে আর কোনো বাধা নেই। ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী ভর্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের ৩, ৪ ও ৯ নম্বর ধারা চ্যালেঞ্জ করা হয়। আদালত ওই তিনটি ধারা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে। পাশাপাশি নটর ডেম কলেজের ক্ষেত্রে ওই তিন ধারার কার্যকারিতা স্থগিত করে দিয়েছে। এই আদেশের ফলে নটর ডেম কলেজের একাদশ শ্রেণির জন্য শিক্ষার্থী বাছাইয়ে ভর্তি পরীক্ষা নিতে আইনগত কোনো বাধা নেই।
