ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চলতি বছরের মে মাসে বিদেশি বিনিয়োগ ও লেনদেন কমেছে। ডিএসই জানিয়েছে, গেল মাসে ডিএসইতে নিট বিদেশি বিনিয়োগের পরিমাণ ১২৮ কোটি ৬৩ লাখ ৫৪ হাজার ৭২১ টাকা। আর এপ্রিলে এর পরিমাণ ছিল ৫৭২ কোটি ৮ লাখ ৯৪ হাজার ৯৮২ টাকা। অর্থাত্ মে মাসে বিদেশি বিনিয়োগ কমেছে ৪৪৪ কোটি ৪৫ লাখ টাকা।
ডিএসই’র সূত্রে দেখা গেছে, মে মাসে ৫৭২ কোটি ৪৯ লাখ ১৯ হাজার ৯৪৬ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এপ্রিল মাসের একই সময় ছিল ১১৮০ কোটি ৭৯ লাখ টাকা। এক মাসের ব্যবধানে লেনদেনের পরিমাণ কমেছে ৬০৮ কোটি ২৯ লাখ ৮১ হাজার ৬১ টাকা। চলতি বছর মে মাসে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয়ের পরিমাণ ছিল ৩৫৩ কোটি ৬ লাখ টাকা। আর এপ্রিল মাসে বিনিয়োগকারীদের শেয়ার ক্রয়ের পরিমাণ ছিল ৮৭৬ কোটি ৪৩ লাখ টাকা। মে মাসে বিক্রির পরিমাণ ছিল ২২৪ কোটি ৪২ লাখ টাকা। যা এপ্রিল মাসে ছিল ৩০৪ কোটি ৩৫ লাখ টাকা। এক মাসে বিক্রয় কমেছে ৮০ কোটি ৯২ লাখ টাকা। এসব হিসাবে নিট বিদেশি বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ১২৮ কোটি ৬৩ লাখ টাকা, যা আগের মাসের তুলনায় কম ৪৪৪ কোটি ৪৫ লাখ টাকা। শেয়ারবাজারে অব্যাহত দর কমার ফলে অনেক কোম্পানির শেয়ার দর তলানীতে চলে এসেছে। এরপরও বিদেশি বিনিয়োগ বড় রকমের কমে যাওয়া ইতিবাচক নয় বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
