ওয়াটা কেমিক্যালের দর বৃদ্ধি খতিয়ে দেখবে বিএসইসি

আপডেট : ০৩ জুন ২০১৪, ১৯:৫৭
ওভার দ্য কাউন্টার মার্কেট (ওটিসি) থেকে মূল মার্কেটে আসার পরই ওয়াটা কেমিক্যালের দর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা। গতকাল মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিএসইসি’র দুই সদস্য বিশিষ্ট কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে কমিশনে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এছাড়া সভায় ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন দেয়া হয়েছে। কোম্পানিটি ২৫টাকা প্রিমিয়ামে ৩৫ টাকা মূল্যমানের সাড়ে ৪ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ১৫৭ কোটি ৫০ লাখ টাকা উত্তোলন করবে। ব্যাংক ঋণ পরিশোধ, অবকাঠামো উন্নয়ন এবং আইপিও বাবদ ব্যয়ে এ টাকা খরচ করা হবে। বিগত ৫ বছরে কোম্পানির গড় ইপিএস (শেয়ারপ্রতি আয়) ৩ দশমিক ৮৭ টাকা এবং এনএভি (নীট সম্পদ মূল্য) ৪০ টাকা। কমিশন সভায় ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইক্যুইটি সংক্রান্ত বিধি বিধান প্রণয়নের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এক মাসের মধ্যে কমিটিকে প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিএসইসি জানিয়েছে, জালালা-বাদ সিকিউরিটিজ এবং আকিজ সিকিউরিটিজকে আইন অমান্য করায় জরিমানা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিতে ঋণ দেয়ায় জালালাবাদ সিকিউরিটিজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আর গ্রাহকের কাছ থেকে ৫ লাখ টাকার বেশি পরিমাণ অর্থ চেকের পরিবর্তে নগদ গ্রহণ এবং ডিলার হিসাবে মার্জিন ঋণ প্রদান করায় আকিজ সিকিউরিটিজকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গ্রামীণ ক্যাপিটাল ম্যানেজমেন্ট সর্বোচ্চ ১০০ বিনিয়োগকারীর স্থলে একটি অ্যাকাউন্টের মাধ্যমে ১৯৮জন বিনিয়োগকারীকে ইয়েকিন পলিমার লিমিটেডের প্লেসমেন্ট শেয়ার বরাদ্দ দেয়ায় গ্রামীণ ক্যাপিটালকে ২ লাখ টাকা আর ইয়েকিন পলিমারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিএসইসি জানিয়েছে, এলআর গ্লোবালের এসেট ম্যানেজমেন্ট কোম্পানির ব্যবস্থাধীনে পরিচালিত এলারজিবি ইউনিট ফান্ডের টার্গেট সাইজ ৯০ শতাংশ সাবক্রিপশন অর্থ একই সম্পদ ব্যবস্থাপক এলআর গ্লোবাল পরিচালিত একাধিক ফান্ড থেকে গ্রহণ করা হয়েছে। যা মিউচ্যুয়াল ফান্ড বিধিমালার পরিপন্থি। তাই কমিশন এ ফান্ডটি অনুমোদন দেয়নি। এ অবস্থায় চাঁদা প্রদানকারীদের কাছ থেকে সংগৃহত সব অর্থ বিধিমালা অনুযায়ী ফেরত দেয়ার নির্দেশ দিয়েছে বিএসইসি।