দূষণবিরোধী অভিযান চালিয়ে গাজীপুর জেলার ৫টি ডায়িং কারখানার মালিককে ৬৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার এই জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর। তুরাগ নদীর পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের ক্ষতিসাধনের জন্য এই জরিমানা করা হয়। উল্লেখিত কারখানাগুলো ত্রুটিপূর্ণ ইটিপি ও বাইপাসের মাধ্যমে কারখানা পরিচালনা করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করে আসছিল।
গাজীপুর জেলার সদর উপজেলাধীন কাসিমপুরের মাল্টিফ্যাবস লিমিটেডকে ২০ লাখ টাকা, ত্রুটিপূর্ণ ইটিপি পরিচালনা করে পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের ক্ষতি সাধনের অপরাধে মিতালী ফ্যাশন্স লিমিটেডকে ১৬ লাখ টাকা, কটন ক্লাব (বিডি) লিমিটেডকে ৫ লাখ টাকা এবং জারা নিট কম্পোজিট লিমিটেডকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়। এছাড়াও পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতীত ও ইটিপি চালু না রেখে কারখানা পরিচালনা করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের অপরাধে প্রমা সিনটেক্স লিমিটেডকে ১৯ লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়।
উল্লেখ্য, এসব কারখানার মধ্যে কয়েকটিকে ইতোপূর্বে একাধিকবার জরিমানা করা হয়েছিল। আগামীতে এ ধরনের অপরাধ পুনরাবৃত্তি হলে কারখানাগুলো বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত হয়।
