ডাচ ক্লাব পিএসভিকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত হলো স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার। গ্রুপপর্বের পঞ্চম ম্যাচে বার্সা জয় পেয়েছে ২-১ গোলে।
শেষ ষোলোতে খেলাটা বার্সার আগেই নিশ্চিত ছিল। তবে এই ম্যাচেই গ্রুপ চ্যাম্পিয়নের জায়গাটা নিশ্চিত করার সুযোগ ছিল দলটির সামনে। লিওনেল মেসি ও জেরার্ড পিকের গোলে বার্সার জয় নিশ্চিত হয়।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৬১ মিনিটে মেসি এগিয়ে নেন বার্সাকে। উসমান দেম্বেলের সঙ্গে একবার বল দেয়া-নেয়া করে বাঁ পায়ের দারুণ শটে বল জড়ান প্রতিপক্ষের জালে। ৯ মিনিটের ব্যবধানে মেসির নেয়া ফ্রি কিকে পাওয়া বলে পা ছুঁয়ে পিকে গোল করেন।
খেলার ৮২ মিনিটে এক গোল শোধ করেন পিএসভির ডি জং। বাঁ দিক থেকে পাওয়া বল দারুণভাবে জড়ান বার্সার জালে। এছাড়াও শুরু থেকে পিএসভি অনেকগুলো ভালো শট নিলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়।
গ্রুপপর্বে ৫ ম্যাচ শেষে বার্সেলোনা ১৩ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। আর টটেনহ্যাম ও ইন্টার মিলান এর পয়েন্ট সমান সাত করে।
ইত্তেফাক/কেআই
