আদিতমারী উপজেলার টিপার বাজারে প্রতিশ্রুতি মোতাবেক ন্যায্যমূল্য না পাওয়ায় গতকাল মঙ্গলবার বিক্ষোভ প্রদর্শন ও তামাকে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ কৃষক। ঢাকা টোবাকোসহ আরো কয়েকটি কোম্পানি জেলার বিভিন্ন এলাকার কৃষকদের বীজ, সার, কীটনাশক ও নগদ অর্থ ঋণ সহায়তা দিয়ে তামাক চাষে নিয়োজিত করে। চাষাবাদের সময় তারা প্রতি কেজি তামাক ১০০ টাকা মূল্য নির্ধারণ করে দেয়।
কোম্পানিগুলো প্রথমদিকে কিছু তামাক কৃষকের কাছ থেকে তাদের প্রতিশ্রুত ৯০ থেকে ১০০ টাকা দরে ক্রয় করলেও বর্তমানে তা প্রায় অর্ধেক দামে ক্রয় করছে। অন্যদিকে যে পরিমাণ তামাক কৃষক প্রতি ক্রয়ের কথা সে প্রতিশ্রুতিও তারা এখন আর রাখছে না। এতে কৃষক তাদের উত্পাদিত তামাক নিয়ে পড়েছে বিপাকে। তাই বাধ্য হয়ে তারা বিক্ষোভ প্রদর্শন ও তামাকে আগুন দিচ্ছে। এ ব্যাপারে ঢাকা টোবাকোর ইউনিট ম্যানেজারের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। চলতি মৌসুমে জেলায় প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে তামাক চাষাবাদ হয়েছে বলে জেলা কৃষি সম্প্রসারণ দপ্তর জানায়।
