জমি দখলের জের ধরে কমলগঞ্জের দক্ষিণ বাদে উবাহাটা গ্রামে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ৮জনকে আটক করেছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। দক্ষিণ বাদে উবাহাটা গ্রামের আজির মিয়ার সাথে রামপাশা গ্রামের সৈয়দ কাছিম মোহাম্মদ খলিল উল্লাহর জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার একটি পক্ষ সশস্ত্র অবস্থায় জমি দখল করতে আসলে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে পান্না তালুকদার (২৫), আব্দুল জলিল (৩৮), আছাব মিয়া (৫৮), বাবুল মিয়া (৫৪), রীনা বেগম (৩২), আজির মিয়া (৫০), সৈয়দ নওশাদ আলী (৫৫), তালেব মিয়া (২৮), আকলিছ মিয়া (৩১) সহ উভয় পক্ষের ১৫ জন আহত হন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় পুলিশ উভয় পক্ষের ৮ জনকে আটক করেছে।
কমলগঞ্জ থানার ওসি এনামুল হক বলেন, জমি দখল নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনার সাথে সম্পৃক্ত থাকায় ৮ জনকে আটক করা হয়েছে।
