ইয়াশুহিতো এনদো, শিনজি কাগাওয়া ও ইয়োচিরো কাকিতানির দ্বিতীয়ার্ধের তিন গোলে গত সোমবার প্রস্তুতি ম্যাচে কোস্টারিকার কাছে পিছিয়ে পড়েও ৩-১ গোলের সহজ জয় পেয়েছে জাপান। যদিও প্রথমার্ধে পিছিয়ে পড়েছিল সামুরাই ব্লু নামে পরিচিত এশিয়ার দলটি।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পায় অনুষ্ঠিত খেলাটিতে কোচ আলবার্তো জাচ্চেরোনির জাপান দল দৃষ্টিনন্দন পাসিংয়ে খেলা শুরু করে। সাত হাজারেরও বেশি দর্শকের সামনে তারপরও গোল হজমের কারণে শুরুটা আশানুরূপ ভাল হয়নি জাপানের। ৩১ মিনিটে কোস্টারিকার ফরোয়ার্ড ব্রায়ান রুইগ গোলটি করেন।
সমতা ফেরাতে প্রথমার্ধে বেশ ক’টি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি এশিয়ান চ্যাম্পিয়নরা। তবে দ্বিতীয়ার্ধে জাপানের প্রচেষ্টা ব্যর্থ হয়নি। ৬০ মিনিটে ইয়াশুহিতো এনদো গোল করলে খেলায় সমতা ফেরায় তারা। এর কুড়ি মিনিট পর ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড শিনজি কাগওয়া বল জালে জড়ালে ২-১ ব্যবধানে এগিয়ে যায় জাপান। ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি ঠুকেন বদলি ফরোয়ার্ড ইয়োচিরো কাকিতানি। ব্রাজিলে উড়াল দেয়ার আগে উভয় দল আরও একটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে। শুক্রবার যুক্তরাষ্ট্রের টাম্পাতেই টানা পঞ্চমবার বিশ্বকাপ খেলতে যাওয়া জাপান মুখোমুখি হবে জাম্বিয়ার সঙ্গে। ফিলাডেলফিয়ায় আয়ারল্যান্ডের মোকাবেলা করবে কোস্টারিকা। দুই দলেরই বিশ্বকাপ শুরু হবে জুনের ১৪ তারিখ। নিজেদের প্রথম ম্যাচেই আইভরিকোস্টের সঙ্গে মুখোমুখি হবে ‘সি’ গ্রুপের দল জাপান। এই গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ হলো গ্রীস ও কলম্বিয়া। অপরদিকে ‘ডি’ গ্রুপের কোস্টারিকা প্রথম ম্যাচ খেলবে শক্তিশালী উরুগুয়ের সঙ্গে। গ্রুপটিতে তাদের অপর দুই প্রতিপক্ষ হলো ইংল্যান্ড ও ইটালি।
