হাশিম আমলাকে দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা। তার প্রথম দায়িত্ব হবে আগামী মাসে শ্রীলঙ্কায় দুই ম্যাচের টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকা দলকে নেতৃত্ব দেয়া। তিনি হলেন দেশটির পঞ্চম টেস্ট অধিনায়ক।
দীর্ঘ ১০ বছর টেস্ট দলের দায়িত্ব পালনের পর গ্রায়েম স্মিথ মার্চে অবসর নিলে তার স্থলাভিষিক্ত হন ৭৬টি টেস্ট খেলা আমলা। নতুন অধিনায়কের নেতৃত্বেই খেলতে যাবে প্রোটিয়ারা। এ ব্যাপারে ৩১ বছর বয়সী আমলা বলেন, ‘আমি এটিকে আমার দায়িত্ব মনে করে নিয়ে নিজেকে উজাড় করে দিব।’
টেস্ট অধিনায়কের দৌড়ে বেশ ক’জন প্রতিযোগী ছিল। আমলার সঙ্গে জোরে সোরেই উচ্চারিত হয়েছে ওয়ানডে দলের অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের নাম। নির্বাচক অ্যান্ড্রু হুডসন বলেন, ‘শুধু এবি ডি ভিলিয়ার্সই নন, কয়েকজন শক্তিশালী প্রতিযোগী ছিলেন। তিন ফর্মেটে এখন আমরা তিন অধিনায়ক পেয়েছি। এটা সম্ভবত যৌক্তিক না।’
শ্রীলঙ্কার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট দলও ঘোষণা করেছেন নির্বাচকরা।
