কাতারের বিরুদ্ধে ওঠা ঘুষ দিয়ে বিশ্বকাপ পাওয়ার অভিযোগ নিয়ে এখনো কোন বক্তব্য দেয়নি ফুটবলের বিশ্বসংস্থা ফিফা। ব্রাজিলের রিও ডি জেনিরোতে অবস্থানরত ফিফা মহাসচিব জেরোমে ভালচকের কাছে গত সোমবার এ ব্যাপারে জানতে চাওয়া হলেও তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
ফিফা এর আগে ঘোষণা করেছিল ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপের স্বাগতিকদের প্রার্থিতা নিয়ে তদন্ত কাজ ৯ জুনের মধ্যে শেষ করা হবে। এ ঘোষণার মধ্যেই নতুন করে অভিযোগ উঠেছে অস্ট্রেলিয়া সম্পর্কেও। যদিও কাতারের মতো অজিরাও জানিয়েছে তারা কোন অন্যায় করেনি।
সর্বশেষ ওঠা অভিযোগে বলা হয় অস্ট্রেলিয়াও ২০২২ সালের আয়োজনটি পেতে ওশেনিয়ার ফুটবল কর্তৃপক্ষকে ৪০ লাখ ডলার অনুদান দিয়েছিল। অস্ট্রেলিয়ার প্রার্থিতা কমিটির এক সদস্যই এই অভিযোগ তোলে বলেন ব্যাপারটা তদন্ত করা হোক। জবাবে অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশন (এফএফএ) জানায় ফিফার নির্দেশিকা অনুসরণেই অনুদানটি দেয়া হয়েছিল।
কাতার বিশ্বকাপ নিয়ে সর্বশেষ বিতর্কটি দেখা দেয় বৃটেনের সানডে টাইমস পত্রিকা অভিযোগ করে যে, বেশ কয়েকজন ফুটবল কর্মকর্তা ৩০ লাখ ডলার গ্রহণের বিনিময়ে দেশটির আয়োজন প্রয়াসকে সমর্থন করে।
