নারায়ণগঞ্জে ৭ খুন

৮ পুলিশ কর্মকর্তাকে তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদ

আপডেট : ০৩ জুন ২০১৪, ২৩:০১
নারায়ণগঞ্জের বহুল আলোচিত ৭ খুনের ঘটনায় হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি ৮ জন পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টা হতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সার্কিট হাউজে জিজ্ঞাসাবাদ শুরু হয়। সাত জনকে অপহরণের পর ঘটনা তদন্তে নারায়ণগঞ্জে সে সময়ে কর্মরত ১২ জন পুলিশ সদস্যকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটির চারজনকে এর আগে জিজ্ঞাসাবাদ করা হয়। মঙ্গলবার জিজ্ঞাসাবাদের সম্মুখীন হওয়া ৮ জন হলেন অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, শহীদুল ইসলাম (প্রত্যাহারকৃত), মো. জাকারিয়া, সহকারী পুলিশ সুপার আজিম উল আহসান, জীবন কান্তি সরকার, জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মঈনুর রহমান, ফতুল্লা মডেল থানার এএসপি আবদুল্লাহ আল মাসুম ও নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের। তাদের কয়েকজন জানান, সাতজনকে অপহরণের পর পুলিশের উচ্চ পর্যায় থেকে ১২ জনের একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি তখন অপহূতদের উদ্ধারে কী কী ব্যবস্থা নিয়েছিল সে সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। তদন্ত কমিটির কাছে আমরা আমাদের অবস্থান ব্যাখ্যা করেছি। ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল, আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের মৃতদেহ পাওয়া যায়। ঘটনার পরই নারায়ণগঞ্জের এসপি ও ডিসিকে প্রত্যাহার করা হয়। এরপর ওই ঘটনা তদন্তে একটি কমিটি গঠনের নির্দেশ দেন আদালত।