ক্রেস্ট জালিয়াতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক

আপডেট : ০৩ জুন ২০১৪, ২৩:০১
বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বন্ধুপ্রতীম বিদেশি ব্যক্তিত্বদের ক্রেস্ট প্রদানে জালিয়াতির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুপুরে সেগুনবাগিচাস্থ দুদকের প্রধান কার্যালয়ে অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে সংস্থাটির চেয়ারম্যান মো. বদিউজ্জামান এ কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, যখন বিদেশি বন্ধুদের সম্মাননায় জালিয়াতির অভিযোগ উঠে তখন আমরা (দুদক) অপেক্ষায় ছিলাম মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি কি রিপোর্ট দেয়। যেহেতু রিপোর্টে কারো কারো নাম এসেছে, তাই আমরা জালিয়াতির আর্থিক অনিয়মের অংশটুকু খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছি। তিনি জানান, গত সোমবার অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়ার পর দুই সদস্য বিশিষ্ট অনুসন্ধান কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- দুদকের উপ-পরিচালক মির্জা জাহিদুল আলম ও সহকারী পরিচালক শেখ আবদুস সালাম। দুদক সূত্র জানায়, স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে ২০১১ থেকে ২০১৩ সালের অক্টোবরের মধ্যে সাতপর্বে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু স্বনামধন্য ৩৩৮ বিদেশি ব্যক্তিত্ব ও সংগঠনকে বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা, বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা ও মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা হিসেবে তিন শ্রেণীতে এই সম্মাননা দেয়া হয়। সম্মাননার সময় দেয়া ক্রেস্টে যে পরিমাণ স্বর্ণ থাকার কথা ছিল, তা দেয়া হয়নি। আর ক্রেস্টে রুপার বদলে দেয়া হয় পিতল, তামা ও দস্তামিশ্রিত সংকর ধাতু।