দেশের রাজনীতিতে সক্রিয় তিন নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বরাবরের মতো এবারও বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের সমর্থক। প্রতিবারের মতো এবারও রাত জেগে প্রিয় দল ব্রাজিলের খেলা দেখবেন তারা। অথচ রাজনৈতিক আদর্শে তাদের অবস্থান তিন মেরুতে। তাদের দল, আদর্শ সবই আলাদা। একই দেশে বাস করার পরও শেখ হাসিনা ও খালেদা জিয়ার সর্বশেষ দেখা হয়েছিল পাঁচ বছর আগে ২০০৯ সালের ২১ নভেম্বর একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে। অবশ্য গত বছরের শেষ দিকে দুই নেত্রীর মধ্যে ফোনালাপ হয়।
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের একজন কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রীর পছন্দের দল ব্রাজিল। এক সময় পেলের খেলা তার ভালো লাগতো। তবে তিনি আর্জেন্টিনার খেলাও পছন্দ করেন। বিশেষ করে মেসির খেলা তার খুবই পছন্দ।
খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের একজন কর্মকর্তা বলেন, ম্যাডাম ব্রাজিলের কঠিন সমর্থক। এবারের বিশ্বকাপ ব্রাজিলের দখলেই যাবে বলে ম্যাডাম মনে করেন।
বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের প্রেস উইংয়ের একজন কর্মকর্তা বলেন, যেদিন থেকে রওশন এরশাদ ফুটবল খেলা বুঝতে শুরু করেছেন, সেদিন থেকেই তিনি ব্রাজিলের সমর্থক।
