যশোরে ট্রাক-থ্রি হুইলার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭

আপডেট : ০৩ জুন ২০১৪, ২৩:০২
যশোরের অভয়নগরে ট্রাক ও মাহেন্দ্র থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে যশোর-খুলনা মহাসড়কের অভয়নগরের রাজঘাট আহাদ জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকের ওভারলোডিং, ভাঙ্গাচোরা রাস্তা ও বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। হতাহতরা হলেন- খুলনার ফুলতলা উপজেলার উত্তর আলকা গ্রামের বলাই কর্মকারের ছেলে মন্টু কর্মকার (৫০), একই গ্রামের পরিতোষ (৫০), পায়গ্রাম কসবার চৈতন্য বালার ছেলে গোপাল বালা (৬০), একই গ্রামের জব্বার মৃধার ছেলে ছগির (৩৫), যশোরের অভয়নগর উপজেলার কোটা পায়রা গ্রামের মোশারফ তরফদারের ছেলে ফারুক (৪০), নাউলি গ্রামের আজাদের ছেলে টুটুল (৩৫) ও একই গ্রামের করিম মোল্লার ছেলে ইকবাল মোল্লা (৪০)। অভয়নগর উপজেলার গোয়াখোলা গ্রামের আব্দুর রহমানের ছেলে মনিরুল (৩৫) ও ওসমানের ছেলে ফারুক (৪০)। হতাহতরা সবাই মাহেন্দ্রর যাত্রী। স্থানীয় হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, ঘাতক ট্রাকটি উল্টো রাস্তায় এসে মাহেন্দ্রকে চাপা দিয়েছে। সড়ক দুর্ঘটনায় রুয়েট শিক্ষার্থীর মৃত্যু রাজশাহী অফিস জানায়, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুর রহমানের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের মাস্টার্সের ছাত্র। তার বাড়ি পাবনার ফরিদপুরে। পাবনা থেকে সিরাজগঞ্জে যাবার পথে লেগুনা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন আবদুর রহমান। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনার বেড়া হাসপাতালে ভর্তি করে। পরে তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়।