ভারতের কেন্দ্রীয় মন্ত্রী মুন্ডে সড়ক দুর্ঘটনায় নিহত

আপডেট : ০৩ জুন ২০১৪, ২৩:০৪
ভারতের বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের নতুন মন্ত্রী ও সিনিয়র বিজেপি নেতা গোপীনাথ মুন্ডে গতকাল মঙ্গলবার এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শপথ নেয়ার মাত্র কয়েকদিনের মধ্যে তিনি নিহত হলেন। গতকাল সকালে রাজধানীর বিমানবন্দরে যাওয়ার পথে পল্লী উন্নয়ন, পানি ও স্যানিটেশন মন্ত্রী গোপীনাথের গাড়িকে অন্য একটি গাড়ি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। গাড়ি হাসপাতালে পৌঁছাতে না পৌঁছাতেই তিনি মারা যান। গাড়িটির ড্রাইভারকে আটক করা হয়েছে। গত ২৬ মে তিনি মন্ত্রী হিসেবে শপথ নেন। কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি জানান, দুর্ঘটনার পর মুন্ডে হূদরোগে আক্রান্ত হন। তার মাথায় কয়েকটি আঘাত লেগেছে। শরীরের অভ্যন্তরে কয়েকটি প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এআইআইএমএস) -এর ট্রমা সেন্টারে এক ডাক্তার জানান, জরুরি বিভাগে আনার পর পরই তাকে মৃত ঘোষণা করা হয়। তিনি বলেন, হাসপাতালে আনার পর দেখা যায় তার হূদযন্ত্র কাজ করছিল না। স্বাভাবিক নিঃশ্বাস-প্রশ্বাস ছিল না, নাড়ী পাওয়া যাচ্ছিল না। ডাক্তারদের সব ধরনের চেষ্টা সত্ত্বেও কোন কিছুই সক্রিয় করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টায় তাকে মৃত ঘোষণা করা হয়। বিজেপি’র সিনিয়র এ নেতা মহরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে জন্ম নেন। তিনি ১৯৯৫ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ওই রাজ্যেরই উপ মূখ্যমন্ত্রী ছিলেন। রাষ্ট্রপতি প্রণব মুখার্জী ও উপ রাষ্ট্রপতি হামিদ আনসারি মুন্ডের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টুইটারের মাধ্যমে শোক প্রকাশ করে তার মৃত্যুকে দেশের জন্য বড় ধরনের ক্ষতি বলে বর্ণনা করেছেন। মৃত্যুকালে মুন্ডে তার স্ত্রী ও তিন কন্যা রেখে গেছেন। আজ বুধবার মহারাষ্ট্রের বিদ জেলার পারলি গ্রামে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। বাংলাদেশের শোক প্রকাশ আইএএনএস জানায়, মুন্ডের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠানো এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, ‘মুন্ডের মৃত্যুর সাথে আপনারা একজন প্রখ্যাত রাজনীতিককে হারালেন আর বাংলাদেশ হারালো একজন ভালো বন্ধুকে’। শেখ হাসিনা আরো জানান, মুন্ডের আকস্মিক ও দুঃখজনক এই মৃত্যুতে ভারত সরকার এবং তার জনগণের সঙ্গে তিনিও গভীরভাবে শোকাহত এবং প্রয়াত মন্ত্রীর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছেন। তিনি মুন্ডের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।