ইটভাটায় পরিবেশবান্ধব চুল্লি স্থাপন ও পরিবর্তনে পাঁচ কোটি ডলার সমমূল্যের একটি পুনঃঅর্থায়ন তহবিল চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তায় এ তহবিল থেকে একক প্রকল্পে সর্বোচ্চ ৫০ লাখ ডলার সমমূল্যের ঋণ সহায়তা নিতে পারবেন গ্রাহক। ঋণের সুদহার নির্ধারিত হবে ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে। গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, দেশের ইটভাটাগুলোর কার্বন নির্গমন কমানো ও জ্বালানির যথাযথ ব্যবহারের মাধ্যমে ইটভাটার চুল্লির দক্ষতা উন্নয়নের মাধ্যমে পরিবেশবান্ধব ইটভাটা স্থাপনের লক্ষ্যে এ তহবিল চালু হয়েছে। তহবিলের মধ্যে তিন কোটি ডলার বরাদ্দ থাকছে নির্ধারিত চিমনি থেকে জিকজাক চিমনিতে রূপান্তর খাতে ব্যবহারের জন্য। পরিবেশ অধিদফতরের কাছে গ্রহণযোগ্য অন্য যে কোন প্রযুক্তিতে ইটভাটা নির্মাণ খাতে পুনঃঅর্থায়নের জন্য দুই কোটি ডলার বরাদ্দ রাখা হয়েছে। এ তহবিলের আওতায় পুনঃঅর্থায়ন সুবিধা নিতে আগ্রহী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের গ্রিন ব্যাংকিং এন্ড সিএসআর বিভাগের সঙ্গে ‘অংশগ্রহণ চুক্তি’ করতে বলা হয়েছে।
