ব্যাংকের পল্লী শাখার বিষয়ে নমনীয় হল বাংলাদেশ ব্যাংক

আপডেট : ০৩ জুন ২০১৪, ২৩:১১
এখন থেকে ‘গ’ ক্যাটাগরির কোন পৌরসভায় বাণিজ্যিক ব্যাংক শাখা স্থাপন করলে তা পল্লী শাখা হিসেবে বিবেচিত হবে। বাণিজ্যিক ব্যাংকগুলোর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এমন সিদ্ধান্ত নিল। সোমবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপনপত্র জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোতে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নিয়মানুযায়ী, বাণিজ্যিক ব্যাংকগুলো যেসব শাখা খুলবে তার অর্ধেক হবে শহরে আর বাকি অর্ধেক হতে হবে গ্রামে। গ্রামীণ মানুষকে আর্থিক সেবার আওতায় আনতে কেন্দ্রীয় ব্যাংক এমন সিদ্ধান্ত নেয় ২০১২ সালে। তবে গ্রামীণ বা পল্লী শাখা শহরের শাখার তুলনায় কম লাভজনক বা অনেক ক্ষেত্রে লোকসানি শাখা হওয়ায় সেখানে শাখা খুলতে আগ্রহ দেখায় না ব্যাংকগুলো। এজন্য তাই ‘গ’ ক্যাটাগরির পৌরসভায় স্থাপিত শাখাগুলোতে স্থাপিত শাখাকে পল্লী শাখা হিসেবে বিবেচনার অনুরোধ জানায় বাণিজ্যিক ব্যাংকগুলো। প্রজ্ঞাপনে বলা হয়, বিআরপিডি’র আগের সার্কুলার সংশোধন করার পর এখন থেকে মেট্রোপলিটন এলাকা, সিটি কর্পোরেশন এলাকা এবং ‘ক’ ও ‘খ’ শ্রেণিভুক্ত পৌরসভায় স্থাপিত শাখা ‘শহর শাখা’ এবং ‘গ’ শ্রেণিভুক্ত সকল পৌরসভা ও ইউনিয়নে স্থাপিত শাখা ‘পল্লী শাখা’ হিসেবে বিবেচনা করা হবে।