জাতীয় কবির জন্মজয়ন্তী উদযাপন

আপডেট : ০৪ জুন ২০১৪, ২০:১২
চাঁপাইনবাবগঞ্জে গত ১ জুন সন্ধ্যায় গান, আবৃত্তি ও আলোচনার মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মজয়ন্তী পালিত হয়। শহরের সাধারণ পাঠাগার চত্বরে বন্ধু সভা এবং শহীদ সাটুহলের সামনে উদীচী শিল্পীগোষ্ঠী ও বঙ্গবন্ধু পরিষদ জেলা সংসদ যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে। বন্ধুসভার সভাপতি সাঈদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশগ্রহণ করেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া, লেখক এনামুল তুফান, সাংবাদিক আনোয়ার হোসেন দিলু। অপর দিকে অধ্যাপক এনামুল হকের সভাপতিত্বে আয়োজিত অপর অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অধ্যক্ষ সাইদুর রহমান, আকরাম উল্লাহ, গোলাম ফারুক মিথুন প্রমুখ। আলোচকরা বলেন, কবি তার জীবন থেকেই শিক্ষা নিয়েছেন, তিনি রুটি-রোজগারের সাথে সাথে লেখাপড়াও চালিয়ে গেছেন। ইংরেজি, ফারসি, উর্দু হিন্দি, আরবি, সংস্কৃত ভাষায় তার ছিল সমান দখল, তার জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকেই সৃষ্টি করেছেন অসংখ্য কবিতা, গান, নাটক ও উপন্যাস। তিনি লিখেছেন, বিদ্রোহের কবিতা, প্রেমের কবিতা, সৃষ্টি করেছেন গণমানুষের জাগরণের গান। একদিকে প্রেমের গান অন্য দিকে তার লেখায় উঠে এসেছে গজল, শ্যামা সংগীত। একটি অসাম্প্রদায়িক সমাজ গঠনে তার লেখা সকলকে আজও পথ দেখায়। এভাবেই কবির জন্মদিনে কবি-ভক্ত আলোচকরা তাদের বক্তব্য তুলে ধরেন। তারা অসাম্প্রদায়িক মানবতাবাদী এই কবির আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।